কর্মকর্তাদের ফের প্রাণনাশের হুমকি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, উপ-রেজিস্ট্রার ও শাখা কর্মকর্তাকে গত শুক্রবার মুঠোফোনে খুদেবার্তার মাধ্যমে ফের প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় গতকাল শনিবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় থানা সূত্রে জানা যায়, গত ২৬ ফেব্রুয়ারি রাতে উপ-রেজিস্ট্রার আবদুল হান্নান ও শাখা কর্মকর্তা সোহেল রানা উভয়ের মুঠোফোনে একটি নম্বর থেকে প্রাণনাশের হুমকি দিয়ে খুদেবার্তা আসে। উভয়েই ২৮ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় থানায় পৃথকভাবে দুটি সাধারণ ডায়েরি করেন। এরপর গত শুক্রবার রাতে ওই একই নম্বর থেকে রেজিস্ট্রার মসলেম উদ্দিন, আবদুল হান্নান এবং সোহেল রানার মুঠোফোনে তাঁদেরসহ বিশ্ববিদ্যালয়ের ৫৩ জন কর্মকর্তা-কর্মচারীকে ১৪ মার্চের মধ্যে পেট্রলবোমা ও ককটেল মেরে এবং গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।
প্রাপ্ত খুদেবার্তায় লেখা হয়েছে, ‘ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার সব কর্মকর্তা-কর্মচারীদের মধ্য থেকে আওয়ামী লীগের ৫৩ জনের নাম তালিকাভুক্ত করা হলো। ৮ মার্চ থেকে ১৪ মার্চ পর্যন্ত অভিযান চলবে। পেট্রলবোমা, ককটেল ও সরাসরি গুলি করে মারা হবে। আপনি প্রস্তুত থাকবেন, প্রতিদিন তওবা পড়ে অফিসে আসবেন। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঝিনাইদহ।’
ছাত্রশিবিরের ঝিনাইদহ শহর শাখার সভাপতি শাহজালাল হোসেন মুঠোফোনে বলেন, ‘ছাত্রশিবিরের ইমেজকে ক্ষুণ্ণ করার জন্য যারা এটা করছে অবিলম্বে তাদের ধরে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।’
বিশ্ববিদ্যালয় থানার ওসি শফিকুল ইসলাম চৌধুরী বলেন, ‘বিষয়টি বর্তমানে তদন্তাধীন। তদন্ত শেষে হুমকিদাতাদের শনাক্তকরণের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।’