সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় ফেয়ার মাল্টিপারপাস কোম্পানি নামের একটি সংস্থার লোকজন সদস্যদের গচ্ছিত রাখা টাকা আত্মসাৎ করে পালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ সদস্যরা ওই সংস্থার কর্মকর্তাসহ তাঁদের চার স্বজনের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করেছেন। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার নিশ্চিন্তপুর ইউনিয়নের ডিগ্রীদোরতা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
থানা-পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার চরাঞ্চলের নিশ্চিন্তপুর ইউনিয়নের ডিগ্রীদোরতা গ্রামের ফরিদুল ইসলাম এবং ফারুক আহমেদ নামের দুই ব্যক্তি চার বছর আগে ওই গ্রামে কোম্পানিটি স্থাপন করেন। পরে তাঁরা ‘গ্রামীণ ছায়া’ আবাসন প্রকল্প নাম দিয়ে সহজ কিস্তিতে জমি ও মুনাফা দেওয়ার কথা বলে চরাঞ্চলের সাধারণ মানুষদের সদস্য করেন। সদস্যরা গত চার বছরে কোম্পানিটির কাছে ৪ কোটি ৭৩ লাখ টাকা গচ্ছিত রাখেন। সম্প্রতি চরাঞ্চলে অপর একটি কোম্পানির দুই কর্মকর্তা প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হলে এ কোম্পানির কাছে গচ্ছিত রাখা টাকা ফেরত চান সদস্যরা। বিষয়টি নিয়ে এ কোম্পানির কর্মকর্তাদের সঙ্গে গত ১ জানুয়ারি স্থানীয় ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে শত শত গ্রাহকের সালিস বসে। সেখানে গতকাল মঙ্গলবার এই টাকা ফেরত দেওয়ার দিন-তারিখ নির্ধারিত হয়। কিন্তু কর্মকর্তারা টাকা ফেরত না দিয়েই এলাকা থেকে উধাও হয়ে যান। নির্ধারিত দিনে সদস্যরা টাকা নিতে এসে না পেয়ে সংস্থার চেয়ারম্যান ফরিদুল ইসলাম এবং তাঁর চাচা আতাউর রহমান এবং অপর কর্মকর্তা আবদুল মান্নানের বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালান।
আলতাফ হোসেন, মিরাজ উদ্দীন প্রমুখ সদস্য অভিযোগ করেন, এঁরা মুনাফা ও জমি দেওয়ার কথা বলে টাকা নিয়েছেন। কিন্তু এখনো জমি কেনেননি। তাঁরা টাকা ফেরত চান। টাকা না দিয়ে পালিয়ে যাওয়ায় তাঁদের বাড়িঘর ভাঙচুর করেছেন ক্ষুব্ধ সদস্যরা।
ক্ষতিগ্রস্ত আতাউর রহমান বলেন, ‘আমি আর আমার সন্তানেরা ওই কোম্পানির সঙ্গে জড়িত নই। তারপরও আমার বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। আমার নগদ টাকাসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করা হয়েছে।’
নিশ্চিন্তপুর ইউনিয়নের চেয়ারম্যান জালাল উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ১ জানুয়ারি সদস্যরা সংস্থার কর্মকর্তাদের আটক করেন। বিষয়টি নিয়ে ওই দিনই দরবার করে ৪ কোটি ৭৩ লাখ টাকা সদস্যদের ১০ জানুয়ারি ফেরত দেওয়ার দিন ধার্য করা হয়। গতকাল টাকা ফেরত দেওয়া হবে বলে জানানোয় ওই দিন দুই কর্মকর্তাকে ছেড়ে দেওয়া হয়। পরে তাঁরা পালিয়ে যাওয়ায় এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।
সংস্থার দুই কর্মকর্তা পলাতক এবং তাঁদের ফোন বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।
কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমিত কুণ্ডু বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।