কর্মকর্তাদের ভুলে...
কুষ্টিয়ায় কুমারখালী উপজেলা শিক্ষা কার্যালয়ের কর্মকর্তাদের ভুলের কারণে জিপিএ-৫ পেয়েও শিক্ষার্থীরা সাধারণ বৃত্তি থেকে বঞ্চিত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত রোববার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল ঘোষণার পর কয়েকজন অভিভাবক এ অভিযোগ করেন।
উপজেলা শিক্ষা কার্যালয় ও অভিভাবক সূত্রে জানা গেছে, কুমারখালী পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডে ১৯৭১ সালে প্রতিষ্ঠিত তেবাড়িয়া-সেরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়টি অবস্থিত। সম্প্রতি একই জায়গায় কুমারখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় নামে একটি বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এর আগে বিদ্যালয়টি কুমারখালী মডেল স্কুল নামে পরিচিত ছিল। তেবাড়িয়া-সেরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠালগ্ন থেকেই ৮ নম্বর ওয়ার্ডে অবস্থিত। গত বছর শিক্ষা কার্যালয় বিদ্যালয়টিকে ৭ নম্বর ওয়ার্ডে অন্তর্ভুক্ত করে। এতে ওই ওয়ার্ডের হয়ে ৮৬ জন শিক্ষার্থী প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নেয়। আর ৮ নম্বর ওয়ার্ডের হয়ে কুমারখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ১০ জন শিক্ষার্থী অংশ নেয়।
উপজেলা শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, পৌর এলাকায় প্রত্যেক ওয়ার্ড থেকে দুজন ছেলে ও দুজন মেয়েকে সাধারণ বৃত্তি দেওয়া হয়। রোববার সমাপনী পরীক্ষার ফল ঘোষণা হলে কুমারখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারজন শিক্ষার্থী সাধারণ বৃত্তি পায়। এ চারজন যথাক্রমে জিপিএ ১.৮৩, ২.৫০, ২.৩৩ ও ৩.৫০ পেয়েছে। অন্যদিকে তেবাড়িয়া-সেরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ১৩ জন জিপিএ-৫ পায়।এর মধ্যে মাত্র একজন বৃত্তি পেয়েছে। ৭ নম্বর ওয়ার্ডের আরেকটি বিদ্যালয় থেকে তিনজন বৃত্তি পায়।
জিপিএ-৫ পেয়েও বৃত্তি না পাওয়া এক শিক্ষার্থীর অভিভাবক নাম প্রকাশ না করার শর্তে অভিযোগ করে বলেন, শিক্ষা কার্যালয়ের কর্মকর্তারা যোগসাজশ করে মডেল স্কুলের শিক্ষার্থীদের বৃত্তি পাওয়ায় সহায়তা করেছেন।
তেবাড়িয়া-সেরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছরিন আক্তার বলেন, বিষয়টি কার ভুলে হয়েছে, তা তিনি বুঝতে পারছেন না। এ ব্যাপারে শিক্ষা কর্মকর্তাকে (টিও) জানানো হলে তিনি বিষয়টি নিয়ে লিখিত আবেদন করতে বলেন। পরে সেটি সংশ্লিষ্ট কার্যালয়ে পাঠানো হবে।
কুমারখালী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে, শিক্ষা কার্যালয়ের কর্মকর্তাদের ভুলের কারণে এ ঘটনা ঘটেছে।