কর্মকর্তার দায়িত্বহীনতায় মারা যায় ৬২ কুমিরছানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ব সুন্দরবনের করমজল কুমির প্রজননকেন্দ্রে চিতা বিড়ালের আক্রমণে ৬২টি কুমিরছানার মৃত্যু হয়েছে বলে দাবি করছে বন বিভাগ। অথচ ঘটনার শুরুতে কেন্দ্রের দুই কর্মচারী মাহবুব লস্কর ও জাকির হোসেনের জড়িত থাকার অভিযোগ করেছিল বন বিভাগের তদন্ত দল।
এ ঘটনায় ওই দুজনের বিরুদ্ধে থানায় মামলা করেছিলেন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুর রহমান। তবে ওই দুজনের অভিযোগ, তাঁর (তৌহিদুর) মিথ্যাচার ও দায়িত্বহীনতায় তিন দফায় কুমিরের বাচ্চা মারা গেছে। ঘটনার শুরু থেকেই তথ্য গোপন ও মিথ্যা তথ্য দিয়ে পুরো ঘটনা অন্যদিকে ঘোরানোর চেষ্টা করেছেন।
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ সূত্রে জানা যায়, গত ২৯ জানুয়ারি করমজল কুমির প্রজননকেন্দ্রের একটি প্যানে (কৃত্রিম পুকুর) নিয়মিত গণনা শেষে ২টি কুমিরের বাচ্চার মৃতদেহ পাওয়া যায়। ২০টি বাচ্চা নিখোঁজ ছিল। ৩০ জানুয়ারি সকালে পাশের প্যানে গণনা শেষে আরও ৪টি বাচ্চার মৃতদেহ ও ৩টি বাচ্চার দেহাবশেষ পাওয়া যায়। এ প্যানের ১৪টি কুমিরের বাচ্চা নিখোঁজ ছিল। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মচারী মাহাবুব লস্করকে সাময়িক বরখাস্ত করা হয়। পাশাপাশি কুমিরের তত্ত্বাবধায়ক হিসেবে বিনা বেতনে কর্মরত জাকির হোসেন ও মাহাবুবের নামে খুলনার দাকোপ থানায় জিডি করেন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুর রহমান। তিনি তখন দাবি করেন, তাঁকে ফাঁসানোর জন্য মাহাবুব এ রকম ঘটনা ঘটিয়েছেন। তাঁকে সহযোগিতা করেছেন জাকির। একই সুরে কথা বলেন বন বিভাগের গঠিত তিন সদস্যের তদন্ত কমিটির প্রধান চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা মেহেদীজ্জামান।
তবে জাকির ও মাহাবুবের অনুপস্থিতিতে ৫ ফেব্রুয়ারি দুটি প্যানে পুনরায় ১৯টি কুমিরের বাচ্চা মারা গেলে ঘটনা নতুন মোড় নেয়। এবার বন বিভাগ দাবি করে, এগুলো হিংস্র মাংসাশী প্রাণীর আক্রমণে মারা পড়েছে। সে অনুযায়ী ওই রাতে প্যান-সংলগ্ন এলাকায় সিসি ক্যামেরা বসিয়ে একটি চিতা বিড়ালকে হত্যা করা হয়। পরদিন বন বিভাগ দাবি করে, এই চিতা বিড়ালই কুমিরের বাচ্চাগুলোকে খেয়ে ফেলেছে। জাকির হোসেন গত সোমবার মুঠোফোনে বলেন, ‘২৯ জানুয়ারি কুমিরছানার মৃত্যুর পর তৌহিদ স্যারকে বলেছিলাম রাতে প্যানের পাশে পাহারা বসানোর জন্য। কিন্তÍরহস্যজনকভাবে তিনি ওই রাতে পাহারা বসাননি। পরদিনও একই ঘটনা ঘটে। এদিন সন্ধ্যায় তিনি আমাকে পাঁচ হাজার টাকা দিয়ে বলেন, তুমি এই মুহূর্তে কেন্দ্র থেকে চলে যাও। এক সপ্তাহ মুঠোফোন বন্ধ করে রাখবে। কোনো সাংবাদিক বা কারও সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলবে না। তা না হলে খুব বিপদে পড়ে যাবে। পরে কেন্দ্র থেকে চলে আসার পর শুনি, আমাকে এ ঘটনার সঙ্গে জড়িয়ে দাকোপ থানায় জিডি ও মামলা হয়েছে।’
মাহাবুব লস্করের সঙ্গেও কথা হয় মুঠোফোনে। তিনি বলেন, ‘১৮ বছর ধরে বন বিভাগে চাকরি করছি। আমার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। ওনার তৌহিদ বিরুদ্ধে তো অনেক অভিযোগ আছে। উনি তদন্ত কমিটিতে আছেন। তাই কেন্দ্রের কোনো কর্মচারী তাঁর বিরুদ্ধে ভয়ে কিছু বলতে পারছেন না।’
এসব অভিযোগ অস্বীকার করে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুর রহমান বলেন, ‘মামলা করায় মাহাবুব ও জাকির আমার বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন। প্রথম দুই দফায় তো আমরা ধারণা করেছিলাম নাশকতামূলকভাবে কুমিরের বাচ্চাগুলো হত্যা করা হয়েছে। তারপরও আমরা চেষ্টার ত্রুটি করিনি।’
পূর্ব সুন্দরবনের বিভাগীয় কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, দাকোপ-থানা পুলিশের মতামতের পরে ওই দুই কর্মচারীর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। পাহারা আরও জোরদার করা হয়েছে।