কর্মকর্তার বিরুদ্ধে আয়াকে শ্লীলতাহানির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বিরামপুর উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রশিক্ষণের সময় গত বৃহস্পতিবার এক প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ওই বিদ্যালয়ের আয়াকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই কর্মকর্তা সাত দিনের মধ্যে অন্যত্র বদিল হওয়ার মুচলেকা ও জরিমানা দিয়ে ছাড়া পেয়েছেন।
ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক, প্রাথমিক শিক্ষা কার্যালয়ের কয়েকজন কর্মকর্তা, শিক্ষক সমিতির নেতারা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, গত বুধবার থেকে উপজেলার আটটি বিদ্যালয়ের প্রতিটি বিদ্যালয় থেকে পাঁচজন করে শিক্ষক নিয়ে তাঁর বিদ্যালয়ে ৪০ জন শিক্ষকের প্রশিক্ষণ চলছে। প্রশিক্ষণের সময় বৃহস্পতিবার দুপুরের দিকে ওই প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রশিক্ষণ কক্ষের পাশের অফিস কক্ষে যান। সেখানে ওই বিদ্যালয়ের আয়াকে একা পেয়ে তিনি তাঁকে শ্লীলতাহানি করেন। এ সময় আয়ার চিৎকারে শিক্ষকেরা এগিয়ে এসে ওই কর্মকর্তাকে হাতেনাতে আটক করে লাঞ্ছিত করেন। পরে শিক্ষকদের তোপের মুখে ওই কর্মকর্তা সাত দিনের মধ্যে বিরামপুর থেকে অন্যত্র বদলি হওয়ার মুচলেকা ও তিন হাজার টাকা জরিমানা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক প্রাথমিক শিক্ষা কার্যালয়ে কর্মরত কয়েকজন ব্যক্তি, প্রধান শিক্ষক ও শিক্ষকনেতারা বলেন, ওই কর্মকর্তা এর আগেও কয়েকজন শিক্ষিকাকে যৌন হয়রানি করেন। কিছুদিন আগে খানপুর ইউনিয়নের একটি বিদ্যালয়ের এক শিক্ষিকার বাড়িতে গিয়ে তাঁর স্বামীর অনুপস্থিতিতে ওই শিক্ষিকাকে যৌন হয়রানি করার চেষ্টা করে লাঞ্ছিত হয়ে চলে আসেন। শিক্ষিকারা কোনো সমস্যায় পড়লে সুযোগ বুঝে অনৈতিক কাজের প্রস্তাব দেন ওই কর্মকর্তা।
এ বিষয়ে জানতে বারবার মুঠোফোনে যোগাযোগ করা হলেও ওই কর্মকর্তা ফোন ধরেননি। একপর্যায়ে তাঁর স্ত্রী ফোন ধরে বলেন, তিনি (ওই কর্মকর্তা) অসুস্থ।
এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সমেশ চন্দ্র মজুমদার প্রথম আলোকে মুঠোফোনে বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।