কর্মকর্তার বিরুদ্ধে হয়রানির অভিযোগ নারী কর্মীর
নীলফামারীর ডিমলা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মকবুল হোসেনের বিরুদ্ধে এক নারী কর্মীকে হয়রানির অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বালাপাড়া ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক ফেরদৌসী বেগম এ ব্যাপারে গত সোমবার ডাকযোগে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর লিখিত অভিযোগ পাঠিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালকের চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি এক চিঠিতে উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়নের পরিবার কল্যাণ সহকারী ফেরদৌসী বেগমকে বালাপাড়া ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক পদে পদায়নের আদেশ দেওয়া হয়। চলতি বছরের ৮ মার্চ ফেরদৌসী বেগম বালাপাড়া ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক পদে যোগ দেন। কিন্তু ৪ এপ্রিল উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে উপজেলার মাসিক সভায় পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক আফরোজা বেগম আদেশের শর্তাবলি পাঠ করে হাসিঠাট্টা করেন এবং আদেশটি ভুয়া বলে মন্তব্য করেন। পরে ১১ মে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মকবুল হোসেন মুঠোফোনে ফেরদৌসীকে তাঁর কার্যালয়ে ডেকে এনে স্বপদে ফিরে যাওয়ার আবেদনপত্রে স্বাক্ষর দিতে বাধ্য করেন।
ফেরদৌসী বেগম প্রথম আলোকে বলেন, ‘আমাকে স্বপদে ফিরে যাওয়ার জন্য চাপ সৃষ্টি করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মকবুল হোসেন। কার্যালয়ে ডেকে নিয়ে চাকরি বাঁচাতে হলে তাঁর লিখে রাখা স্বপদে ফিরে যাওয়াসংক্রান্ত আবেদনপত্রে আমাকে স্বাক্ষর দিতে বলেন। নানা ভয়ভীতির একপর্যায়ে আমি আবেদনপত্রে সই করি। এ ঘটনায় আমি মহাপরিচালক বরাবর লিখিত অভিযোগ পাঠিয়েছি।’
তবে মকবুল হোসেন তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, ফেরদৌসী কেন স্বপদে ফিরে যাওয়ার আবেদন করেছেন, সেটি তাঁর ব্যাপার।
নীলফামারী পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক আফরোজা বেগম বলেন, তাঁর (ফেরদৌসী) পদায়নের শর্ত ছিল সেখানে পরিবার কল্যাণ পরিদর্শক (এফপিআই) পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হলে স্বপদে ফিরে যেতে হবে। এ কারণে তিনি (ফেরদৌসী) স্বেচ্ছায় স্বপদে ফিরে যাওয়ার আবেদন করেছেন। ওই আবেদনের কপি মহাপরিচালকের বরাবর পাঠানো হয়েছে। এখন তিনি যে অভিযোগ করছেন সেটি ঠিক নয়।