কর্মকর্তার স্বাক্ষর জাল করে মুক্তিযোদ্ধা ভাতা চালুর চেষ্টা
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিবের স্বাক্ষর জাল করে মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা নেওয়ার প্রস্তুতি নিয়েছিলেন ১৩ জন ভুয়া মুক্তিযোদ্ধা। কিন্তু ধরা পড়েছেন মুক্তিযোদ্ধাদের হাতেই। ঘটনাটি ঘটেছে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায়।
এই ১৩ জনের জালিয়াতি ধরা পড়ে এমন এক সময়ে, যখন সারা দেশের ভুয়া মুক্তিযোদ্ধাদের ব্যাপারে মন্ত্রণালয়ে তদন্ত চলছে। যাঁদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তদন্ত চলাকালীন তাঁদের ভাতা স্থগিত রাখা হয়। কিন্তু এরই মধ্যে স্বাক্ষর জাল করে ওই ১৩ জন আবার ভাতা চালুর চেষ্টা করেন। বিষয়টি তদন্তকারীদের নজরে আনেন শ্রীপুর এলাকার মুক্তিযোদ্ধারা।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীকে বিষয়টি জানানো হলে তিনি তাৎক্ষণিকভাবে ভাতা আবার চালুর প্রক্রিয়া বন্ধ রাখার নির্দেশ দেন। তদন্তে দেখা যায়, মন্ত্রণালয়ের যে শাখা থেকে সম্মানী ভাতা দেওয়া হয়ে থাকে, সেই শাখার কর্মকর্তার স্বাক্ষর জাল করে একটি চিঠি বানানো হয়েছে। ওই চিঠি পেয়ে কর্মকর্তারা ভাতাসংক্রান্ত সব কাগজপত্রও তৈরি করেছেন।
প্রথম আলোর পক্ষ থেকে ওই ১৩ জনের সঙ্গে কথা হলে তাঁদের বেশির ভাগই সঠিকভাবে বলতে পারেননি তাঁরা কোথায় মুক্তিযুদ্ধ করেছেন, কে তাঁদের কমান্ডার ছিলেন, কী অস্ত্র ব্যবহার করেছেন, কবে অস্ত্র জমা দিয়েছেন। এমনকি কেউ কেউ বলেছেন, মুক্তিযুদ্ধের সময় তাঁরা পাকিস্তানে ছিলেন, কেউ বলেছেন ভারতে ছিলেন, কিন্তু ভারতে প্রশিক্ষণপ্রাপ্তদের তালিকায় তাঁদের নাম ছিল না। প্রশিক্ষণের সময়, স্থানও সঠিকভাবে বলতে পারেননি।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ‘অভিযুক্ত সবাইকে মন্ত্রণালয়ে ডেকে আনা হয়েছিল। তাঁদের বক্তব্য আমাদের মনঃপূত হয়নি। এর মধ্যে জাল স্বাক্ষরে করা চিঠিতে যাঁদের নাম রয়েছে, পুলিশকে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বলা হয়েছে। মন্ত্রী বলেন, ‘একজন স্বীকারও করেছেন যে স্থানীয় একজন মুক্তিযোদ্ধা তাঁদের সহায়তা করেছেন। কে সহায়তা করেছেন তা আমরা তদন্ত করে দেখছি। এ ছাড়া যাঁরা ভুয়া সনদ নিয়েছেন, তাঁদের সনদ বাতিল করাসহ শাস্তিমূলক ব্যবস্থা নিতে বলা হয়েছে।’
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বিভিন্ন জেলা থেকে মুক্তিযোদ্ধাদের যে তালিকা পাঠানো হচ্ছে, সেগুলো থেকে এমন অনেকের নাম বেরিয়ে আসছে, যাঁদের সনদ বা কোনো প্রমাণপত্র নেই। জানতে চাইলে কোনো তথ্যও দিতে পারেন না। ফলে মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা দেওয়া বন্ধ করতে হচ্ছে। এ পর্যন্ত এমন তিন হাজার ব্যক্তির ভাতা বন্ধ করা হয়েছে।
যাঁর স্বাক্ষর জাল করা হয়েছে, তিনি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ নূর আলম। তিনি বলেন, ‘এভাবে ভাতা নেওয়ার পরিকল্পনা অবিশ্বাস্য। আমার স্বাক্ষর নকল করা হয়েছে। অনেক জেলা থেকেই এমন ভুয়া সনদধারী বেরিয়ে আসছে। আমরা তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে চিঠি দিচ্ছি।’
সই জালিয়াতিতে জড়িত ১৩ জনসহ মোট ৩৫ জনের বিষয়ে অভিযোগ তদন্ত করেছে গাজীপুরের জেলা প্রশাসন। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ‘৪৫ বছর আগের কোনো বিষয় তদন্ত করতে যে প্রশ্নগুলো উপস্থাপন করা হবে, অভিযুক্তদের অনেকে ইতিমধ্যে সেসব বিষয় মুখস্থ করে ফেলেছেন। জেলা প্রশাসক এস এম আলম বলেন, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দিয়েছি।’