কর্মক্ষেত্রে অনুপস্থিত দুই চিকিৎসককে নোটিসের সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্মক্ষেত্রে উপস্থিত না হওয়ায় চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই চিকিৎসককে কারণ দর্শানোর নোটিস দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরা হলেন হাসপাতালের মেডিকেল অফিসার রাজু প্রসাদ দে ও শোভন দাশ।

পটিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, গত বৃহস্পতিবার দুপুরে পটিয়ার সাংসদ সামশুল হক চৌধুরী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে আসেন। এই সময় তিনি চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন। তবে বৈঠকে দুই চিকিৎসক উপস্থিত না হওয়ায় তাঁদের কারণ দর্শানোর নোটিস দেওয়ার নির্দেশ দেন তিনি।

শফিকুল ইসলাম বলেন, চিকিৎসকদের একজন শোভন দাশ মুঠোফোন ব্যবহার করেন না। তাই সাংসদের সঙ্গে বৈঠকের বিষয়টি তাঁকে জানানো যায়নি। এ ছাড়া অপর চিকিৎসক রাজু প্রসাদও ৫ জুলাই পর্যন্ত ছুটিতে ছিলেন। তাঁকেও বৈঠকের কথা জানানো যায়নি। তারপরও সিভিল সার্জন ও সাংসদের মৌখিক নির্দেশে তাঁদের কারণ দর্শানোর নোটিস দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

বৈঠকে চিকিৎসকদের নিয়মিত স্বাস্থ্যকেন্দ্রে উপস্থিত হওয়ার আহ্বান জানান সাংসদ সামশুল হক চৌধুরী। ইচ্ছাকৃতভাবে কোনো চিকিৎসক অনুপস্থিতি থাকলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তিনি সিভিল সার্জনের প্রতি অনুরোধ করেন।