কর্মক্ষেত্রে শিশু নির্যাতন বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করোনা ভাইরাসের কারণে সাধারণ ছুটি শেষ হওয়ার পর কাজে যোগ দেওয়া শিশুদের ওপর নির্যাতনের হার বেড়েছে বলে জানিয়েছে মানুষের জন্য ফাউন্ডেশন। তারা বলছে, এ বাড়তি হার ১৩৭ শতাংশ। শিশুদের প্রতি বিশেষ দৃষ্টি দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে তারা। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) এসব তথ্য জানায়। এমজেএফ বলে, এ বছরের জুন মাসের তুলনায় জুলাই মাসে কর্মক্ষেত্রে শিশু নির্যাতনের হার শতকরা ১৩৭ ভাগ বৃদ্ধি পেয়েছে। টেলিফোন জরিপে তারা এসব তথ্য পেয়েছে। জুলাইতে ৬৯২ জন শিশু কর্মক্ষেত্রে নির্যাতনের শিকার হয়। জুনে যা ছিল ২৯২ জন।

কর্মক্ষেত্রে শিশু নির্যাতনের বেড়ে যাওয়া প্রসঙ্গে এমজেএফ জানায়, অনেক দিন ধরে পুরো পরিবার বেকার থাকায় বহু পরিবার বেশি সংখ্যায় সন্তানদের কাজে পাঠিয়ে দিয়েছে। অন্যদিকে অর্থনৈতিক অচলাবস্থার কারণে মালিকেরা অল্প টাকায় শিশু শ্রমিক রাখার ব্যাপারে উৎসাহী হয়ে উঠেছে। এ ছাড়া দেশে স্কুল এখনো বন্ধ থাকায় অভিভাবকেরা শিশুদের দিয়ে আয় করানোর পক্ষে।

এমজেএফ ৫৩টি জেলার ১১১টি সহযোগী সংগঠনের কাছ থেকে তথ্য সংগ্রহ করেছে। এর মধ্যে নারী ৪৪ হাজার ৮৭৫ জন এবং শিশু ১৯ হাজার ৯৩ জন। এমজেএফ জানায়, জুলাই মাসে সংখ্যা ১১ হাজার ৪৭১ জন নারী ও শিশু নির্যাতনের শিকার হয়েছেন। জুন মাসে এ সংখ্যা ছিল ১২ হাজার ৭৪০ জন। নারী নির্যাতনের শিকার হন ৮ হাজার ৪৯২ জন, যা জুন মাসে ছিল ৯ হাজার ৮৪৪ জন। সেখানে শিশুর সংখ্যা জুলাইতে বেড়ে গিয়ে হয়েছে ২ হাজার ৯৭৯ জন। যা ছিল ২ হাজার ৮৯৬। এ ছাড়া ৮ হাজার ৩৮৯ জন নারী পারিবারিক সহিংসতার শিকার হয়েছেন।

এমজেএফ-এর নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, কর্মক্ষেত্রে শিশুর প্রতি নির্যাতনের হার বেড়ে যাওয়ার এই হার খুব ভয়াবহ। তিনি সরকারকে অন্য সব জরুরি অবস্থার পাশাপাশি শিশুদের নিরাপত্তার প্রতিও বিশেষ দৃষ্টি দিতে আহ্বান জানান। এ ছাড়া অন্যান্য সহায়তার পাশাপাশি নারী ও শিশুর ইস্যুটিকে অগ্রাধিকার দেওয়া এবং তাদের সহিংসতা মুক্ত রাখার আহ্বানও জানান।