কর্মচাঞ্চল্যের মাঝেও আতঙ্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা অবরোধ যেন গা-সওয়া হয়ে গেছে চট্টগ্রামের খেটে খাওয়া লোকজনের। হরতাল আর অবরোধ কোনো কিছুতেই দমাতে পারছে না তাঁদের। পেটের তাগিদে সকালে বের হন। কেউ রিকশার প্যাডেল ঘোরান, কেউ ধরেন গাড়ির স্টিয়ারিং। কেউ যাচ্ছেন কারখানায়। তবে এই কর্মচাঞ্চল্যের মধ্যেও অজানা আতঙ্ক যেন ভর করেছে তাঁদের ওপর।
গতকাল মঙ্গলবার অবরোধের ২৯তম দিনে চট্টগ্রাম নগরের পরিস্থিতি ছিল মোটামুটি স্বাভাবিক। সড়কগুলোতে গণপরিবহন মোটামুটি চলেছে। যানজট ও জনজট দুটিই ছিল নগরের ব্যস্ততম মোড়গুলোতে।
গতকাল বেলা পৌনে ১১টা। নগরের চেরাগী পাহাড় মোড়। সিএনজিচালিত অটোরিকশা সারি সারি দাঁড়িয়ে আছে মোড়ে। যাত্রীরা ভাড়া নিয়ে চালকের সঙ্গে দর-কষাকষি করছিলেন। সেই মোড় দিয়ে থেমে থেমে যাচ্ছিল ট্রাক, বাস ও টেম্পো। দু-একটি ব্যক্তিগত গাড়িকেও মোড়টি অতিক্রম করতে দেখা গেছে।
চেরাগী পাহাড়ের মোড়ে সিএনজিচালিত অটোরিকশার চালক হাবিবুর রহমানের সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। কুমিল্লার মুরাদনগর উপজেলার বাসিন্দা তিনি। ১১ বছর ধরে অটোরিকশা চালাচ্ছেন চট্টগ্রামে। তিনি প্রথম আলোকে বলেন, ‘অবরোধ ডাকার প্রথম সপ্তাহ পর্যন্ত অনিয়মিতভাবে গাড়ি চালিয়েছি। কিন্তু সংসার খরচে টানাটানি শুরু হয়ে যায়। এখন আর ভয় করি না। শহর থেকে দূরের উপজেলাতেও ভাড়া নিয়ে যাচ্ছি। কপালে যা আছে তা ঠেকানোর সাধ্য আমার নেই।’
বেলা সাড়ে ১১টা। নগরের মুরাদপুর এলাকায় গাড়ির যানজট দেখা গেছে। কালুরঘাট শিল্পকারখানার ট্রাক ও কাভার্ড ভ্যান এবং বাস ও ছোট গাড়ি চলাচল করছিল ওই পথে। তখন মোড়ের একদিকে চলছিল আওয়ামী লীগের হরতালবিরোধী সমাবেশ।
দুপুর সাড়ে ১২টা। নগরের তিনপুলের মাথা। সেখানে সিটি বাস, সবজিভর্তি মিনি ট্রাক এবং ছোট যানের কারণে অসহনীয় জট লেগে যায়। হরতাল এবং অবরোধ কর্মসূচি খেটে খাওয়া লোকজনকে দমাতে পারেনি।
তিনপুলের মাথায় সবজিভর্তি ট্রাক নিয়ে অপেক্ষা করছিলেন সাহাব উদ্দিন। সীতাকুণ্ড থেকে টমেটো ও শিম নিয়ে রিয়াজউদ্দিন কাঁচাবাজারে যাচ্ছিলেন তিনি। তিনি বলেন, ‘অবরোধের প্রথম ৮-১০ দিন রাতের দিকে সবজি নিয়ে শহরে রওনা হতাম। কিন্তু অবরোধ-হরতাল তো আর উঠবে বলে মনে হয় না। পেটের তাগিদে গাড়ি চালাই। এভাবে আর কত দিন? তাই অবরোধ-হরতাল গা-সওয়া হয়ে গেছে। কোনো কিছু আর ভয় লাগে না।’
বেলা দেড়টা। নগরের নিউমার্কেট মোড়। সেখানেও যানজট। তবে ভাসমান হকাররা পসরা নিয়ে বসেছিলেন। ক্রেতা কম। নিউমার্কেটের পাশে ফুটপাতের হকার আবদুর রউফ বলেন, ‘আমাদের বেচাবিক্রি এক-তৃতীয়াংশে নেমে এসেছে। এতে সংসার চালানো কঠিন। এভাবে চললে ব্যবসা গুটিয়ে ফেলতে হবে।’
বেলা সোয়া তিনটা। চট্টগ্রাম নগর বিএনপির কার্যালয় লাগোয়া কাজীর দেউড়ি মোড়। রাইডার, টেম্পো, সিএনজিচালিত অটোরিকশা ও ছোট গাড়ির জট দেখা গেছে সেখানে। কাজীর দেউড়ি মোড়ে যাত্রীর অপেক্ষায় ছিলেন ব্যাটারিচালিত রিকশাচালক এরশাদুল ইসলাম। তিনি বলেন, ‘হরতাল-অবরোধের কারণে যাত্রী সামান্য কমেছে। আয় কিছুটা কমে গেছে। আর যখন-তখন ককটেল ফুটছে। কিন্তু কী করব? পেটের দায়ে জীবনের নিরাপত্তা-ঝুঁকি নিয়ে বের হতে হচ্ছে।’
বেলা তিনটার দিকে আদালত ভবনের মূল ফটকে নগরের লালদীঘির পাড়ে দেখা গেছে সিএনজিচালিত অটোরিকশা, গণপরিবহনসহ রিকশার যানজট। লালদীঘির পাড়ে বাংলাদেশ ব্যাংকের সামনে দাঁড়িয়ে থাকা কয়েকজন লোককে আজ বুধবার আবার হরতাল দিচ্ছে কি না, তা নিয়ে একে অপরকে জিজ্ঞেস করতে দেখা গেছে। এ সময় জটলা বেঁধে যায়। হরতাল ও নাশকতা নিয়ে তাঁদের মধ্যে ছিল উৎকণ্ঠার ছাপ। কয়েকজন আইনজীবীকেও আদালত ভবনের মূল ফটকে হরতালের মেয়াদ বাড়ানো নিয়ে আলোচনা করতে দেখা গেছে।
এদিকে নগরের প্রবেশপথ অলংকার, অক্সিজেন ও নতুন সেতু এলাকায় সীমিতভাবে গণপরিবহন চলাচল করতে দেখা গেছে। সেতু এলাকা থেকে কক্সবাজার ও বান্দরবানগামী বিলাসবহুল বাস যাত্রীবোঝাই করে ছাড়তে দেখা গেছে। তবে শীতাতপনিয়ন্ত্রিত বাস চলাচল বন্ধ ছিল। কদমতলী বাস টার্মিনাল থেকে কুমিল্লা ও নোয়াখালীর উদ্দেশে গতকাল দিনের বেলায় কোনো বাস ছেড়ে যায়নি। অলংকার মোড় থেকে ফেনী, কুমিল্লা ও ঢাকার উদ্দেশে লোকাল বাস ও পণ্যবোঝাই ট্রাক ছেড়ে গেছে।