কর্মচারী ইউনিয়নের নির্বাচনের ফলাফলে অনিয়মের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) কর্মচারী ইউনিয়নের নির্বাচনের ফলাফলে অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত রোববার লিখিত অভিযোগ দিয়েছেন এক সভাপতি প্রার্থী।
বিসিএসআইআর সূত্রে জানা গেছে, গত ২৫ জুলাই বিসিএসআইআর রাজশাহীর কর্মচারী ইউনিয়নের নির্বাচন হয়। নির্বাচনে দুটি প্যানেলে ২২ জন প্রার্থী ছিলেন। ভোট গ্রহণ শেষে তিনবার গণনার পর দুটি ব্যালট পেপারে ত্রুটি থাকায় মৌখিকভাবে ফলাফল স্থগিত করা হয়। গত বৃহস্পতিবার দুই পক্ষের সভাপতি প্রার্থীদের ডেকে ফল প্রকাশ করা হয়। এ বিষয়ে আপত্তি তুলে সভাপতি প্রার্থী মো. আক্তারুজ্জামান নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান বরাবর ওই লিখিত অভিযোগ করেন।
অভিযোগে বলা হয়, ফলাফল স্থগিতের কোনো নোটিশ দেওয়া হয়নি। ভোট গ্রহণ শেষে অবশিষ্ট ব্যালট পেপার, সিল, স্ট্যাম্পপ্যাড ও ভোট গ্রহণের অন্য উপকরণ সংশ্লিষ্ট ব্যক্তি/এজেন্টকে প্রদর্শন বা সিলগালা করা হয়নি। গত ২৫ জুলাইয়ের ভোট গণনার খসড়ার সঙ্গে বৃহস্পতিবার প্রকাশিত ফলাফলে মিল পাওয়া যায়নি।
আক্তারুজ্জামান বলেন, ‘নির্বাচনে মোট ৪৬ জন ভোটার ছিলেন। নির্বাচনের দিন ভোট গণনা শেষে সবাই জানেন সভাপতি প্রার্থী দুজন ২২টি করে ভোট পেয়েছেন। বৃহস্পতিবার ফলাফল ঘোষণায় বলা হয় ছাতা মার্কার সভাপতি প্রার্থী গোলাম রব্বানী ২৩ ভোট পেয়েছেন। এটা অন্যায়।’
জানতে চাইলে বিসিএসআইআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মো. ইব্রাহিম বলেন, ‘অভিযোগ পেয়েছি। এসব অভিযোগ নিয়ে দুই পক্ষকে নিয়ে বসে সিদ্ধান্ত নেওয়া হবে।’