কর্মচারী তৃতীয় শ্রেণির, থাকেন চতুর্থ শ্রেণির কর্মচারীর বাসায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিনি তৃতীয় শ্রেণির কর্মচারী। কিন্তু থাকছেন চতুর্থ শ্রেণির কর্মচারীদের জন্য বরাদ্দকৃত বাসায়। এভাবে বাসা বরাদ্দ বাবদ তিনি মাসে সরকারের ৪ হাজার ৫৩ টাকা ফাঁকি দিচ্ছেন।
এই ব্যক্তির নাম আকবার হোসেন। তিনি ঝিনাইদহের মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হিসাবরক্ষক।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দপ্তর থেকে পাওয়া তথ্যমতে, স্বাস্থ্য কমপ্লেক্সের অধীনে মোট ২৫টি বাসা রয়েছে। এর মধ্যে প্রথম শ্রেণির কর্মকর্তাদের বসবাসের জন্য সাতটি বরাদ্দ। সেখানে চারটি বাসা খালি আছে। দ্বিতীয় শ্রেণির কর্মকর্তাদের চারটি ও তৃতীয় শ্রেণির কর্মচারীদের আটটি বাসার সবগুলো ব্যবহৃত হচ্ছে। আর চতুর্থ শ্রেণির কর্মচারীদের জন্য বরাদ্দ ছয়টি বাসা। এর একটিতে হিসাবরক্ষক আকবার হোসেন থাকছেন। যদিও এ বাসাটি পরিচ্ছন্নতাকর্মী অশোক কুমারের নামে বরাদ্দ।
স্বাস্থ্য কমপ্লেক্সের কয়েকজন কর্মচারীর সঙ্গে কথা বলে জানা যায়, আকবার হোসেন ২০১২ সালের ২০ নভেম্বর কাজে যোগ দেন। পরের মাস থেকেই তিনি অশোক কুমারের নামে বরাদ্দ নেওয়া বাসায় থাকা শুরু করেন।
এ বিষয়ে পরিচ্ছন্নতাকর্মী অশোক কুমার বলেন, তাঁর নামে বাসা কিন্তু থাকেন আকবার হোসেন। তিনি কিছুই বলতে সাহস পান না। তাঁকে ১৫ কিলোমিটার দূর কোটচাঁদপুর থেকে এসে অফিস করতে হয়।
নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা বলেন, হিসাবরক্ষক আকবার বিবাহিত। আর বিবাহিত হলে বাসাভাড়া বেশি কাটা যায়। আকবার নিজ নামে বাসাটি বরাদ্দ নিলে মাসে ৪ হাজার ৭৫৮ টাকা তাঁর বেতন থেকে কাটা যেত। অবিবাহিত হিসেবে পরিচ্ছন্নতাকর্মী অশোক কুমারের নামে মাসে কাটা হচ্ছে ৭০৫ টাকা। আর অশোক বিবাহিত হলে তাঁকে দিতে হতো ২ হাজার ৮২৬ টাকা। বেতন দেওয়ার সময় আকবার হোসেন ৭০৫ টাকা অশোক কুমারকে বুঝিয়ে দেন। সে হিসাবে বাসা বরাদ্দ বাবদ গত তিন বছরে আকবার হোসেন ১ লাখ ৪৫ হাজার টাকা ফাঁকি দিয়েছেন।
হিসাবরক্ষক আকবার হোসেন বলেন, তিনি বাসা না পেয়ে চতুর্থ শ্রেণির কর্মচারীর বাসায় উঠেছেন। কিছু টাকা বাঁচানোর জন্য তিনি এ কাজ করেছেন। তবে তিনি শিগগিরই এ বাসা ছেড়ে দেবেন।
মহেশপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. তাহাজ্জেল হোসেন বলেন, বিষয়টি তিনি জানতেন না। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।