কর্মচারীদের অ্যাম্বুলেন্সের কাছে জিম্মি রোগী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনের সড়কে রাখা ব্যক্তিমালিকানাধীন অ্যাম্বুলেন্সের সারি। গতকাল বিকেলে তোলা ছবি l প্রথম আলো
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনের সড়কে রাখা ব্যক্তিমালিকানাধীন অ্যাম্বুলেন্সের সারি। গতকাল বিকেলে তোলা ছবি l প্রথম আলো

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে ৩০ বছর বয়সী মোহাম্মদ রিপন মারা যান গত ৩ জুন বেলা দুইটার দিকে। হাসপাতাল থেকে স্বজনেরা মরদেহ নিয়ে টাঙ্গাইলের উদ্দেশে রওনা দেবেন। কিন্তু অ্যাম্বুলেন্স ভাড়া করতে গিয়ে বিপাকে পড়তে হলো।
হাসপাতালের নিজস্ব অ্যাম্বুলেন্স চলে না, নষ্ট। হাসপাতালের চৌহদ্দির বাইরেই বেসরকারি মালিকানার অনেক অ্যাম্বুলেন্স দাঁড়ানো। কিন্তু চড়া দাম। বাইরে থেকে অ্যাম্বুলেন্স বা অন্য কোনো যানবাহন ভাড়া করার উপায় নেই। ঢুকতেই দেওয়া হবে না। অগত্যা চড়া দামই সই। কিন্তু এবার আরেক বিপত্তি—একটি অ্যাম্বুলেন্সে চললেও অ্যাম্বুলেন্সওয়ালারা দুটি গাড়ি ভাড়া করতে বাধ্য করল।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্স-সেবার এই জবরদস্তি এখন এক স্থায়ী বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে।
দেশের বৃহত্তম এই হাসপাতালে ২ হাজার ৬০০ শয্যা থাকলেও দৈনিক রোগী ভর্তি থাকে প্রায় সাড়ে তিন হাজার। বহির্বিভাগে রোগী আসে দৈনিক সাড়ে তিন হাজারের বেশি। স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, এই হাসপাতালে প্রতিদিন গড়ে ৩৭ জন রোগীর মৃত্যু হয়। এই মৃত্যু ও চিকিৎসা নিতে আসা মানুষের অসহায়ত্বকে পুঁজি করে জমজমাট ব্যবসা চলছে ঢাকা মেডিকেলে।

হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া রিপনের মৃতদেহের ছাড়পত্র সংগ্রহ করা থেকে শুরু করে অ্যাম্বুলেন্স ভাড়া পেতে সহযোগিতা করেন বার্ন ইউনিটের ওয়ার্ডবয় আবদুর রহিম। এই কাজের শেষে তিনি বকশিশ নেন ৫০০ টাকা। রহিম প্রথম আলোকে বলেন, ‘এই বকশিশ দিয়া তো আমাদের হয় না। আমাদের মূল ব্যবসা হইলো অ্যাম্বুলেন্সের। আমরা তৃতীয়-চতুর্থ শ্রেণির কর্মচারীরা এই ব্যবসা দিয়া কিছু ট্যাকা কামাই।’

ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের সামনের রাস্তা প্রায় পুরোটা ব্যক্তিমালিকানাধীন অ্যাম্বুলেন্সের দখলে। এ ছাড়া হাসপাতালের ভেতরে নানা জায়গায়, বিভিন্ন ফটকের আশপাশে ২৪ ঘণ্টা অ্যাম্বুলেন্স থাকে। অনুসন্ধানে জানা গেছে, এই বেসরকারি অ্যাম্বুলেন্সগুলোর বেশির ভাগেরই মালিক তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী, ওয়ার্ডবয় ও ওয়ার্ড মাস্টাররা। এঁরা গড়ে তুলেছেন ‘ট্যাক্সি ও প্রাইভেট কার মালিক সমবায় সমিতি’।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান ১০ জুলাই প্রথম আলোকে বলেন, ‘চাহিদা আছে বলেই রাস্তায় অ্যাম্বুলেন্স আছে। তবে হাসপাতালের
কর্মচারী বা কর্মকর্তাদের এই ব্যবসার সঙ্গে জড়িত থাকার কোনো তথ্য আমার জানা নেই।’

নগদ টাকা: হাসপাতালের জরুরি বিভাগের ফটকের বাঁ পাশে সিয়াম রেস্তোরাঁ। রেস্তোরাঁটি চালান কর্মচারীরা। রেস্তোরাঁর উল্টো দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠের দেয়াল ঘেঁষে ফুটপাতের ওপর ট্যাক্সি ও প্রাইভেট কার মালিক সমিতির অস্থায়ী কার্যালয়। কোনো ঘর নেই, ফুটপাতে শুধু দুটি বেঞ্চ ও কয়েকটি প্লাস্টিকের চেয়ার। দেয়ালে একটি সাইনবোর্ডে কমিটির সদস্যদের ছবিসহ পরিচিতি দেওয়া আছে।

সমিতির সভাপতি মো. হারুন ভান্ডারী, সহসভাপতি মো. আবুল কাশেম, সাধারণ সম্পাদক মো. কামাল আহমেদ, কোষাধ্যক্ষ মো. মোখলেছ মোল্লা, সদস্য মো. শাহিন, সদস্য মো. খলিলুর রহমান ও সদস্য ইব্রাহিম বাকউল। ঢাকা মেডিকেলের একাধিক চিকিৎসক নিশ্চিত করেছেন, এঁরা হাসপাতালের কর্মচারী। অন্য দুই সদস্য আবদুল হাকিম ও মোস্তফা মিয়া সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যায়নি। জুন মাসের শুরু থেকে গতকাল পর্যন্ত কমপক্ষে ২০ দিন হাসপাতালের প্রায় প্রতিটি ফটকে আনসারদের পাশাপাশি এই কমিটির লোক দেখা গেছে।

৭২টি অ্যাম্বুলেন্স ও ৩০টি প্রাইভেট কারের মালিক এই সমিতির সদস্যরা। তাঁরা পালাক্রমে সারা দিন একটি বেঞ্চের ওপর বসে রোগী আসা-যাওয়ার ওপর নজর রাখেন। মৃত্যু হলে বা কোনো রোগী হাসপাতাল ছাড়ার উদ্যোগ নিলে সঙ্গে সঙ্গে একাধিক ফটকে খবর চলে যায়। রোগী বা মৃতদেহ হাসপাতালের বাইরে যেতে গেলে নিজেদের অ্যাম্বুলেন্স বা প্রাইভেট কার নিতে চাপ দেন কমিটির লোকজন। বাইরের অটোরিকশা বা অ্যাম্বুলেন্স এলে কমিটিকে চাঁদা দিতে হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক বার্ন ইউনিটের একজন চিকিৎসক বলেছেন, ‘সমিতির লোকেরা অনেক সময় বার্ন ইউনিটের সামনে অটোরিকশা আসতে দেয় না। তাদের অ্যাম্বুলেন্স দাঁড় করিয়ে রাখে। রোগীর স্বজনদের অ্যাম্বুলেন্স নিতে বাধ্য করে। এমনও দেখা গেছে, তারা দুটো অ্যাম্বুলেন্স নিতে বাধ্য করে।’

বার্ন ইউনিটের নিজস্ব দুটি অ্যাম্বুলেন্স আছে। হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) খাজা আবদুল গফুর ১৩ জুলাই প্রথম আলোকে বলেন, জ্বালানির বরাদ্দ না থাকায় অ্যাম্বুলেন্স দুটো চলে না।

সমিতির একজন গাড়িচালক জানালেন, বার্ন ইউনিটে রোগী আনা-নেওয়া করে এমন তিনটি অ্যাম্বুলেন্সের মালিক ওই ইউনিটের রেকর্ডকিপার মো. ওমর ফারুক। ফারুকেরবাবা কালাম সরদার ছিলেন এই হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারীদের নেতা। ফারুক স্বাস্থ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রভাবশালী এক সদস্যের লোক বলে নিজের পরিচয় দেন। ফোন করলে ফারুক ধরেননি। মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়েও উত্তর পাওয়া যায়নি।

মেলে না সরকারি অ্যাম্বুলেন্স: বার্ন ইউনিটের দুটো বাদ দিলে হাসপাতালে সরকারি অ্যাম্বুলেন্স আছে পাঁচটি। তার মধ্যে দুটো নষ্ট। এসব অ্যাম্বুলেন্স ঢাকার বাইরে যায় না। ঢাকা মহানগরের মধ্যে রোগী আনা-নেওয়া বাবদ সর্বনিম্ন ভাড়া ৩০০ টাকা। জরুরি বিভাগের সামনে সাইনবোর্ডে বড় করে সরকারি অ্যাম্বুলেন্স-সেবার কথা লেখা আছে। সেবা পেতে হলে কোথায় যেতে হবে, কার সঙ্গে যোগাযোগ করতে হবে তার নির্দেশনা নেই। একই কথা বলা হয়েছে টিআইবির প্রতিবেদনেও।

১৫ জুলাই সেখানে গিয়ে দেখা গেল, সাইনবোর্ডের সামনেই প্রাইভেট কার ও বেসরকারি অ্যাম্বুলেন্স। দায়িত্বরত আনসারদের অ্যাম্বুলেন্সের বিষয়ে জিজ্ঞেস করলেই তাঁরা ফটকের বাইরের সমিতির অ্যাম্বুলেন্স দেখিয়ে দেন।

যানবাহন নিয়ন্ত্রণই ব্যবসা: জরুরি বিভাগ, ডিএমসিএইচ-২ ভবন বা মেডিকেল কলেজে সারা দিনে দুই হাজারের বেশি অটোরিকশা আসে। প্রায় প্রতিটি অটোরিকশার কাছ থেকে ১০ টাকা করে চাঁদা তোলেন এই সমিতির সদস্যরা। সমিতির হিসাবে এই খাত থেকে তাদের দৈনিক আয় ২০ হাজার টাকা।

সমিতির অন্য আয় অ্যাম্বুলেন্স খাত থেকে। এক অ্যাম্বুলেন্সের মালিক প্রথম আলোকে বলেন, ‘লাইনম্যান মোয়াজ্জেম অ্যাম্বুলেন্সের ও প্রাইভেট কারের সিরিয়াল ঠিক রাখে। কোন গাড়িটা কখন কোন জেলায় বা কোথায় ট্রিপে গেল, তার জন্য খাতা আছে। সমিতির সদস্যদের সাপ্তাহিক চাঁদার পরিমাণ ৩০০ টাকা, মাসপ্রতি ১ হাজার ২০০ টাকা। ট্রিপ হোক বা না-হোক, সাপ্তাহিক চাঁদা দিতেই হবে। সমিতির সদস্য ও নাম প্রকাশে অনিচ্ছুক একজন অ্যাম্বুলেন্স চালক বলেন, এই টাকার একটি অংশ স্থানীয় রাজনৈতিক নেতা ও পুলিশকে দিতে হয়। নিয়মিত টাকা না দিলে পুলিশ রেকার নিয়ে আসে। রাস্তায় অবৈধ পার্কিংয়ের জন্য প্রতিটি গাড়িকে ১ হাজার ৫০০ টাকা করে জরিমানা করে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা খালিদ আহমেদ জানান, তাঁরা মাঝেমধ্যেই উচ্ছেদ অভিযান চালান। গত এক বছরে কমপক্ষে ১০ বার উচ্ছেদ অভিযান চালানো হয়েছে ও জরিমানা করা হয়েছে। তারপরও এদের সরানো যাচ্ছে না।