নগর ভবনের স্বাভাবিক কাজ বন্ধ করে তালা ঝুলিয়ে আন্দোলনে কর্মকর্তা-কর্মচারীরা। বরিশাল সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতিতে নগর ভবনে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। স্বাভাবিক কাজ বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন নাগরিকেরা। দুই মাসের বেতন দেওয়ার প্রস্তাব নিয়ে আসা কাউন্সিলররাও তোপের মুখে পড়েন।
আন্দোলনের মুখে নগর ভবনে যাননি মেয়র আহসান হাবিব কামাল ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান।
গতকাল মঙ্গলবার দ্বিতীয় দিনে আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীরা নগর ভবনের সামনে মঞ্চ তৈরি করে বিক্ষোভ করতে থাকেন।
সিটি করপোরেশনের প্রশাসন বিভাগ জানায়, নগর ভবনের ৫৪২ জন স্থায়ী কর্মকর্তা-কর্মচারীর পাঁচ মাস এবং দৈনিক মজুরিভিত্তিক (অস্থায়ী) ১ হাজার ৬২৬ জন শ্রমিকের তিন মাসের বেতন বকেয়া পড়েছে। বকেয়া বেতন-ভাতা এবং ভবিষ্য–তহবিলের অর্থ বরাদ্দ দেওয়ার দাবি করা হলেও দাবি পূরণে শুধু আশ্বাস দেওয়া হচ্ছে। তাই অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, দ্বিতীয় দিনেও নগর ভবনে প্রবেশের সব ফটক এবং প্রতিটি কক্ষে তালা ঝুলছে। বেলা তিনটা পর্যন্ত সেবা নিতে আসা কাউকে নগর ভবনে ঢুকতে দেওয়া হয়নি। দুপুরে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে কয়েকজন কাউন্সিলর নগর ভবনে আসেন। তাঁরা দুই মাসের বেতন-ভাতা দেওয়ার প্রস্তাব করলে ক্ষিপ্ত হয়ে যান কর্মীরা। বিক্ষোভের মুখে কাউন্সিলররা নগর ভবন ত্যাগ করেন।
বরিশাল সিটি করপোরেশনের মেয়র আহসান হাবিব কামাল প্রথম আলোকে বলেন, ‘পাঁচ মাসের বকেয়া পড়লেও আমার দায়িত্বকালীন সময়ে মাত্র এক মাসের বেতন বকেয়া পড়েছে। বৃহস্পতিবারের মধ্যে এক মাসের বেতন দেওয়ার প্রস্তাব করা হলেও তাঁরা মানছেন না। কিছু কর্মকর্তা শ্রমিকদের ভুল বুঝিয়ে ব্যক্তিস্বার্থ হাসিল করতে চাইছেন। সেবাধর্মী প্রতিষ্ঠান বন্ধ রেখে আন্দোলন করা বেআইনি।’