কর্মচারীর অস্ত্রোপচারে মা, নবজাতকের মৃত্যু?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারা উপজেলায় অননুমোদিত একটি বেসরকারি হাসপাতালে ভুল অস্ত্রোপচারে মা ও নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর তালা ঝুলিয়ে হাসপাতালের লোকজন পালিয়ে গেছেন।
নিহত প্রসূতির স্বজন ও স্থানীয় লোকজনের বিবরণ অনুযায়ী, গত শুক্রবার রাতে উপজেলার দৌলতপুর গ্রামের ধলু নামের এক ব্যক্তির অন্তঃসত্ত্বা স্ত্রী শ্যামলী খাতুনকে (২১) উপজেলার হাটগাঙ্গোপাড়ায় অবস্থিত ‘জেনারেল হাসপাতাল’ নামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিন রাত সাড়ে ১০টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ অস্ত্রোপচারের জন্য শ্যামলীকে একটি কক্ষে নিয়ে যায়। সেখানে হাসপাতালের একজন কর্মচারী শ্যামলীর অস্ত্রোপচার শুরু করেন। একপর্যায়ে শ্যামলীর অবস্থা খারাপ হলে অস্ত্রোপচারের জন্য কাটা অংশ সেলাই না দিয়েই তাঁকে ওই কক্ষ থেকে বের করে আনা হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শ্যামলী মারা যান।
ঘটনা জানাজানি হওয়ার পর গতকাল শনিবার সকালে এলাকার বেশ কিছু লোক ওই হাসপাতালে ভিড় করেন। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ তালা ঝুলিয়ে পালিয়ে যায়। গতকাল দুপুরে ওই হাসপাতালে গিয়ে কাউকে পাওয়া যায়নি।
ওই গৃহবধূর স্বামী ও আত্মীয়-স্বজনেরা অভিযোগ করে বলেন, অনভিজ্ঞ লোক দিয়ে অস্ত্রোপচারের চেষ্টার কারণে শ্যামলী ও তাঁর সন্তানের মৃত্যৃ হয়েছে। শরীরের কাটা অংশ সেলাই না দেওয়ার কারণে শ্যামলীর অবস্থা আরও খারাপ হয়।
হাসপাতালসংলগ্ন এলাকার কয়েকজন বাসিন্দা জানান, কিছুদিন আগে একটি পাকা ঘরে উপজেলার মজোপাড়া গ্রামের সাইফুল ইসলাম নামের এক তরুণ হাসপাতালটি চালু করেন। এ হাসপাতালে কোনো চিকিৎসক নেই। কয়েকজন সেবিকা ও কর্মচারী রয়েছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, ওই হাসপাতালের কোনো অনুমোদন নেই। প্রসূতি ও নবজাতকের মৃত্যুর খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে হাসপাতালের পরিচালক সাইফুল ইসলাম হাসপাতালটির অনুমোদন না থাকার কথা স্বীকার করেন। তিনি বলেন, ‘আবেদন করা হয়েছে, অন্য কাগজপত্র রেডি আছে।’ ভুল অস্ত্রোপচারে প্রসূতি ও নবজাতকের মৃত্যুর অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘অস্ত্রোপচার নয়, শুধু পেটের চামড়া কাটা হয়েছে। এ সময় অসুস্থ হয়ে পড়লে তাঁকে রাজশাহীতে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সেখানে তাঁর মৃত্যু হয়।’