ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মেহেরুল ইসলামের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলেছেন প্রতিষ্ঠানটির পরিচালক। গতকাল মঙ্গলবার হাসপাতালের সম্মেলনকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব অভিযোগ করেন।
এ সময় অন্যান্যের মধ্যে হাসপাতালের উপপরিচালক আবুল আহসান ও সহকারী পরিচালক (অর্থ) লক্ষ্মী নারায়ণ মজুমদার উপস্থিত ছিলেন।
পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাসির উদ্দিন আহমেদ অভিযোগ করেন, গত বছরের ১ নভেম্বর তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যোগদান করেন। সেই থেকে তিনি রোগীদের জন্য চিকিৎসাবান্ধব পরিবেশ ও সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করার কাজ শুরু করেন। পাশাপাশি হাসপাতালের ভেতরের নানা অনিয়ম ও দুর্নীতি বন্ধে উদ্যোগ নেন। আর এটা করতে গিয়ে জানতে পারেন, চতুর্থ শ্রেণির কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মেহেরুল ইসলাম ও তাঁর অনুসারীরা ব্যাপকভাবে দুর্নীতির সঙ্গে জড়িত। তাঁরা দীর্ঘদিন ধরে এসব অনিয়ম ও দুর্নীতি করে আসছেন।
পরিচালকের দাবি, মেহেরুল ও তাঁর অনুসারী কর্মচারীদের প্রশ্রয়ে হাসপাতালে একটি শক্তিশালী দালাল চক্র গড়ে ওঠে। মেহেরুলের বিরুদ্ধে ‘আউট সোর্সিং’ নিয়োগ-বাণিজ্য করে অবৈধ টাকা রোজগারের প্রমাণ পাওয়া গেছে। নানা অনিয়মের কারণে ১০ এপ্রিল তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বদলি করা হয়। কিন্তু তিনি এখন রাজনৈতিক শক্তির প্রভাব খাটিয়ে আবারও ময়মনসিংহে আসার চেষ্টা করছেন। ১১ এপ্রিল মেহেরুল তাঁর বদলির আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিট আবেদনও করেন। পাশাপাশি বদলির আদেশ প্রত্যাহারের জন্য নানাভাবে চাপ সৃষ্টি করছেন।
এসব বিষয়ে জানতে চাইলে মেহেরুল বলেন, ‘আমি যদি দুর্নীতি বা নিয়োগ-বাণিজ্য করে অবৈধ টাকা রোজগার করি, তাহলে আমার বিরুদ্ধে কারণ দর্শানো নোটিশ দেওয়া বা তদন্ত বোর্ড করা উচিত ছিল। আমার দুর্নীতির প্রমাণ মিললে তিনি আমাকে শাস্তিমূলক বদলি করতে পারতেন। প্রমাণ না করে হুট করে বদলি করায় আমি উচ্চ আদালতে রিট করেছি। আদালত যা সিদ্ধান্ত দেবেন আমি তা মেনে নেব।’
এক প্রশ্নের জবাবে গতকাল রাতে হাসপাতালের পরিচালক প্রথম আলোকে বলেন, মেহেরুলের পেছনে অদৃশ্য রাজনৈতিক ও স্থানীয় শক্তি কাজ করায় তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ছিল কঠিন। দুর্নীতির অভিযোগের প্রাথমিক প্রমাণ পাওয়ায় তাঁকে বিধিমালা মেনে বদলি করা হয়েছে।
বিধানমতে, বদলির আদেশের ১০ দিনের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দেওয়ার কথা।