রংপুরের বদরগঞ্জের রাধানগর উপস্বাস্থ্যকেন্দ্রের এক কর্মচারীর (৩৮) বিরুদ্ধে গত শনিবার চিকিৎসার নামে এক কিশোরীকে (১৫) যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জনতার ধাওয়া খেয়ে তিনি গা ঢাকা দিয়েছেন। এ কারণে গতকাল রোববার ওই উপস্বাস্থ্যকেন্দ্রটিতে তালা ঝুলতে দেখা গেছে।
ভুক্তভোগী কিশোরী ও এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, ওই কর্মচারী উপস্বাস্থ্যকেন্দ্রের পাশে লালদিঘী বাজারে চেম্বার খুলে প্রতিদিন রোগী দেখেন। শনিবার রাত সাড়ে আটটার দিকে এক নারী (ওই কিশোরীর নানি) কিশোরীকে ওই কর্মচারীর চেম্বারে নিয়ে যান। এ সময় চেম্বারের ভেতরে চিকিৎসার নামে মেয়েটিকে যৌন হয়রানি করেন ওই কর্মচারী। মেয়েটির চিৎকারে চেম্বারের বাইরে থাকা তাঁর নানি ছুটে গিয়ে নাতনিকে বিবস্ত্র অবস্থায় দেখে চিৎকার দেন। আশপাশের লোকজন ছুটে এসে ওই কর্মচারীকে ধরার চেষ্টা করলে তিনি পালিয়ে যান। এ খবর ছড়িয়ে পড়লে পাঁচ শতাধিক লোক জড়ো হয়ে ওই কর্মচারীর শাস্তির দাবিতে বিক্ষোভ করেন। খবর পেয়ে পুলিশ ও রাধানগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাত সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে যান। এ সময় তাঁরা বিক্ষুব্ধ জনতাকে শান্ত করেন।
গতকাল বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত রাধানগর উপস্বাস্থ্যকেন্দ্রে অবস্থান করে সেখানে তালা ঝুলতে দেখা গেছে। চিকিৎসা নিতে আসা দিলালপুর গ্রামের গৃহবধূ আরজিনা বেগম বলেন, ‘রাত থেকে জ্বর ও শরীরে ব্যথা। সকাল ১০টায় আসছি। বেলা ১টা বাজে। এখানে এখনো কোনো চিকিৎসক আসেননি। তালাটাও খোলেনি।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ওই উপস্বাস্থ্যকেন্দ্রে একজন চিকিৎসক, একজন উপসহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা, একজন ফার্মাসিস্ট ও একজন পিয়নের পদ রয়েছে। চিকিৎসক মালিহা কুদ্দুস ২০১৬ সালের ১২ মার্চ ও পিয়ন রুজিনা ইয়াছমিন চলতি বছরের ৭ মে বদলি হয়ে চলে যান। উপসহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা শামীমা নাসরিন ২০১৫ সালের ৫ অক্টোবর উপস্বাস্থ্যকেন্দ্রে যোগদানের পরই তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিযুক্ত করা হয়। তখন থেকে ওই কর্মচারী রোগীদের চিকিৎসা দিচ্ছিলেন। এই সুবাদে ওই কর্মচারী লালদীঘি বাজারে দুটি চেম্বার খুলে রোগী দেখতেন।
এ ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নারায়ণ চন্দ্র সরকার গতকাল দুপুরে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘ওই উপস্বাস্থ্যকেন্দ্রেটি বন্ধ থাকার কথা নয়। বিষয়টি দেখা হবে।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ওই কর্মচারী উপস্বাস্থ্যকেন্দ্রের কোনো চিকিৎসক নয়। কাজেই চেম্বার খুলে তার চিকিৎসা দেওয়াটা অবৈধ। লোকমুখে ওই কর্মচারীর বিরুদ্ধে চিকিৎসার নামে নারী কেলেঙ্কারির অভিযোগ শুনেছি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’
অভিযোগ সম্পর্কে মুঠোফোনে ওই কর্মচারী বলেন, ‘সত্য-মিথ্যা যা-ই হোক, একটা ঘটনা ঘটে গেছে। মেয়েটির সঙ্গে মীমাংসার চেষ্টা চলছে।’
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান প্রধান বলেন, ‘ওই তরুণীর সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা পাওয়া গেছে। ওই তরুণী বা তার পক্ষে কেউ লিখিত অভিযোগ দিলে ওই কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’