ভুয়া স্বাক্ষর ও জাল চালানের মাধ্যমে লালমনিরহাটের ১০০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের প্রধান সহকারী কাম হিসাবরক্ষক মাহবুব আলমের বিরুদ্ধে ইউজার ফির ১৪ লাখ ৯ হাজার ১৪৫ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। লালমনিরহাট সদর হাসপাতালের দুই সদস্যের তদন্ত দলের প্রতিবেদন ও ঢাকার সেগুনবাগিচার সিভিল অডিট টিমের প্রধানের এ-সংক্রান্ত প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।
ওই হাসপাতাল ও তদন্ত প্রতিবেদন সূত্রে জানা গেছে, ২০১৪ সালের আগস্ট মাস থেকে ২০১৫ সালের জুন মাস পর্যন্ত জরুরি বিভাগে আসা রোগীদের টিকিট ফি, বহির্বিভাগে আসা রোগীদের টিকিট ফি, প্যাথলজি, এক্স-রে, ইসিজি ফি, রোগী পরিবহনের জন্য ব্যবহৃত অ্যাম্বুলেন্স ভাড়া ও রোগীদের থাকার কেবিন ভাড়া বাবদ হাসপাতালের নির্ধারিত ফি রসিদের মাধ্যমে প্রধান সহকারী কাম হিসাবরক্ষক মাহবুব ট্রেজারিতে জমাদানের জন্য ১৯ লাখ ৮৯ হাজার ১০০ টাকা সংগ্রহ করেন। তিনি ট্রেজারিতে ৫ লাখ ৭৯ হাজার ৯৫৫ টাকা জমা করলেও অবশিষ্ট ১৪ লাখ ৯ হাজার ১৪৫ টাকা ভুয়া সিল ও স্বাক্ষর জালিয়াতি করে ট্রেজারি চালানের মাধ্যমে আত্মসাৎ করেন।
ওই হাসপাতালের চিকিৎসক ও তদন্ত দলের সভাপতি মো. আবদুর রাজ্জাক বলেন, ‘অনুসন্ধান ও কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করে ১১০ পৃষ্ঠার একটি তদন্ত প্রতিবেদন ১৬ আগস্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক বরাবর দাখিল করা হয়েছে। তদন্তে ২০১৪-১৫ অর্থবছরে হাসপাতালের ইউজার ফির মোট ১৯ লাখ ৮৯ হাজার ১০০ টাকা আদায় করার প্রমাণাদি পাওয়া যায়। এর মধ্যে ৫ লাখ ৭৯ হাজার ৯৫৫ টাকা সোনালী ব্যাংকের লালমনিরহাট শাখায় ট্রেজারি চালানের মাধ্যমে জমা করার কাগজপত্র পাওয়া যায়। সোনালী ব্যাংক লালমনিরহাট শাখা ও লালমনিরহাট হিসাবরক্ষণ কর্মকর্তার সিল-স্বাক্ষর জালিয়াতি করে ভুয়া ট্রেজারি চালানের মাধ্যমে মাহবুব আলমের ১৪ লাখ ৯ হাজার ১৪৫ টাকা আত্মসাৎ করার প্রমাণসহ পূর্ণাঙ্গ বিবরণ ওই তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এখন তাঁর বিরুদ্ধে কী ব্যবস্থা নেবে, সেটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিষয়।’
এ ব্যাপারে মাহবুব আলম বলেন, ‘আমি ষড়যন্ত্রের শিকার। তবে এ ঘটনাটি জানার পর টাকাগুলো সংশ্লিষ্ট হিসাব নম্বরে জমা দেওয়ার চেষ্টা করছি।’ সোনালী ব্যাংক লালমনিরহাট শাখার ব্যবস্থাপক আবদুল বারেক চৌধুরী বলেন, ‘ব্যাংকের বাইরের ঘটনায় আমার বলার কিছু নেই।’
হাসপাতালের তত্ত্বাবধায়ক নুরুজ্জামান আহমেদ বলেন, ‘ইউজার ফি আত্মসাতের ঘটনাটি আমার যোগদানের আগে ঘটেছিল। ঢাকা ও স্থানীয় তদন্ত দলের প্রতিবেদন ১৬ আগস্ট হাতে পেয়েছি। সরকারি চাকরিবিধি অনুযায়ী অভিযুক্ত মাহবুব আলমের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যে ব্যবস্থা গ্রহণের জন্য একটি প্রতিবেদন রংপুর অঞ্চলের পরিচালক (স্বাস্থ্য) বরাবর পাঠানো হয়েছে।’