কর্মচারীরা প্রভাষক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে (আইএইচটি) এক যুগের বেশি সময় ধরে তৃতীয় শ্রেণির চারজন কর্মচারী দিয়ে প্রভাষকের দায়িত্ব পালন করানো হচ্ছে। অথচ তৃতীয় শ্রেণির কর্মচারীদের সরাসরি প্রভাষক পদে পদোন্নতি দেওয়ার কোনো বিধান নেই।
আইএইচটি সূত্রে জানা গেছে, নিয়ম অনুযায়ী এই প্রতিষ্ঠানে বিসিএস পরীক্ষার মাধ্যমে প্রভাষক পদে নিয়োগ দেওয়া হয়। এ ছাড়া দ্বিতীয় শ্রেণি থেকেও পদোন্নতি পেয়ে প্রভাষক হওয়া যায়। কিন্তু তৃতীয় শ্রেণির কর্মচারীদের সরাসরি প্রভাষক পদে পদোন্নতি দেওয়ার কোনো বিধান নেই। তার পরও প্রতিষ্ঠানে কর্মরত তৃতীয় শ্রেণির কর্মচারী শামসুজ্জোহা, আবু রায়হান, আতিয়ার রহমান ও আবুল কালাম আজাদকে প্রভাষক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। নিয়ম অনুযায়ী এই শ্রেণির কর্মচারীরা শুধু ব্যবহারিক ক্লাস নিতে পারবেন। তত্ত্বীয় বিষয়ে পাঠদান করতে পারবেন না। কিন্তু তাঁরা এ প্রতিষ্ঠানে প্রভাষক হিসেবে পাঠদান থেকে শুরু করে কোর্স কো-অর্ডিনেটর ও ছাত্রাবাসের তত্ত্বাবধায়কের দায়িত্বও পালন করছেন। এ ছাড়া ২০০৯ সালের পে-স্কেল অনুযায়ী তাঁরা ১১তম গ্রেডের কর্মচারী। অথচ প্রভাষক পদের গ্রেড হচ্ছে নবম।
গত মঙ্গলবার আইএইচটিতে গিয়ে দেখা যায়, শামসুজ্জোহার চেম্বারের সামনের নামফলকে লেখা রয়েছে প্রভাষক। অন্য তিনজনের নামফলকেও একইভাবে প্রভাষক লেখা রয়েছে।
প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, শামসুজ্জোহা এসএসসি পাসের পর ফার্মেসি বিভাগে দুই বছরের ডিপ্লোমা কোর্স করে আইএইচটিতে তৃতীয় শ্রেণির পদে যোগদান করেছিলেন। ২০০০ সাল থেকে তিনি প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর মধ্যে তিনি কোর্স সমন্বয়কারীর দায়িত্বও পালন করেছেন।
আবু রায়হান স্যানিটারি ইন্সপেক্টরশিপ কোর্সে তিন বছরের ডিপ্লোমা করে তৃতীয় শ্রেণির পদে যোগদান করেন। এখন তিনি স্যানিটারি ইন্সপেক্টরশিপে প্রভাষক হিসেবে পাঠদান করছেন। একই সঙ্গে তিনি প্রতিষ্ঠানের ছাত্রাবাসের তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করছেন। পরীক্ষা কমিটির সভাপতিও ছিলেন। এঁদের মধ্যে এত বছর দায়িত্ব পালন করার পরে সম্প্রতি আতিয়ার রহমান ঢাকায় বিএসসি কোর্সে ভর্তি হয়েছেন।
একইভাবে দন্ত বিভাগে আতিয়ার রহমান প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করছেন। আবুল কালাম আজাদ রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগে প্রভাষক হিসেবে আছেন।
এ ব্যাপারে শামসুজ্জোহা বলেন, স্বাস্থ্য মহাপরিচালকের কার্যালয় (ডিজি অফিস) থেকে তাঁদের পদ বিভাজন করে এই দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু বেতন আগের স্কেলেই দেওয়া হচ্ছে। তাঁরা এ জন্য অনেক লেখালেখি করেছেন। কিন্তু সম্মানী হিসেবেও তাঁদের বাড়তি কোনো টাকা দেওয়া হয় না। জানতে চাইলে আবু রায়হান বলেন, ডিজি অফিস কীভাবে এই পদোন্নতি দিয়েছে, তিনি বলতে পারবেন না। ঢাকা ও রাজশাহীতে এভাবে পদোন্নতি দেওয়া হয়েছে বলে জানান তিনি। আবুল কালাম আজাদ ও আতিয়ার রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁরা মুঠোফোন ধরেননি।
রাজশাহী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনসুর রহমান বলেন, ‘আমি নতুন এসেছি। এখনো পুরোপুরি অধ্যক্ষ হিসেবে বহাল হইনি। এসব বিষয় নিয়ে কিছু বলতে পারছি না।’