কর্মজীবী কিশোরীকে গণধর্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উত্তরায় একজন কর্মজীবী কিশোরীকে গণধর্ষণের ঘটনায় করা মামলার প্রধান আসামি মেহেদী হাসান ওরফে আরিফকে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গতকাল রোববার তাঁকে ১০ দিনের রিমান্ড আবেদন করে ঢাকা মহানগর মুখ্য হাকিম আদালতে পাঠানো হয়। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) বিপ্লব কুমার শীল প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মেয়েটি রাজধানীর উত্তরার একটি বিপণিবিতানের এক দোকানের বিক্রয় প্রতিনিধি। তার পরিবারের অভিযোগ, গত বৃহস্পতিবার রাতে মেহেদীসহ তিনজন তাকে কর্মস্থলের পাশের একটি নির্মাণাধীন ভবনে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। বর্তমানে মেয়েটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন।
গত শুক্রবার সকালে উত্তরা পশ্চিম থানার পুলিশ ধর্ষণের ঘটনায় জড়িত অভিযোগে সাদিকুল ইসলাম ওরফে বাবু ও আসলাম উদ্দিনকে আটক করে। তারা মেহেদীর বন্ধু। একই দিন সন্ধ্যায় রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে মেহেদীকে আটক করে র্যা ব-১। শুক্রবার সন্ধ্যায় ওই কিশোরী মেহেদী, সাদিকুল ও আসলামসহ চারজনের নাম উল্লেখ করে উত্তরা পশ্চিম থানায় মামলা করে। শনিবার ওই মামলায় সাদিকুল ও আসলামকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ। তাঁরা ধর্ষণের কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। পরে তাঁদের কারাগারে পাঠানো হয়। গত শনিবার বিকেলে মেহেদীকে উত্তরা পশ্চিম থানায় সোপর্দ করে র্যা ব।
মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) বিপ্লব কুমার শীল প্রথম আলোকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেহেদী ধর্ষণের কথা স্বীকার করেননি। তিনি দাবি করছেন, ওই কিশোরীকে তিনি নির্মাণাধীন ভবনে নিয়ে গিয়েছিলেন। তবে ধর্ষণ করেছেন অন্যরা। অবশ্য সাদিকুল ও আসলাম জবানবন্দিতে বলেছেন, মেহেদীও ধর্ষণ করেন। রিমান্ডে মেহেদীকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার প্রকৃত তথ্য বের করা হবে।
বিপ্লব কুমার বলেন, ধর্ষণের ঘটনায় সহযোগী হিসেবে আরেকজনের নাম পাওয়া গেছে। তিনি পলাতক। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।