কর্মবিরতিসহ কর্মসূচি ঘোষণা শিক্ষক সমিতি ফেডারেশনের
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকীর হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার, বিচারসহ কয়েকটি দাবিতে কর্মবিরতিসহ প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন।
আজ বুধবার ফেডারেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। আগের দিন মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফেডারেশনের এক জরুরি সভায় এই কর্মসূচি ঠিক করা হয়।
কর্মসূচির মধ্যে রয়েছে ২ মে সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি ও কালো ব্যাজ ধারণ এবং একই দিন দুপুর ১২টা থেকে বেলা একটা পর্যন্ত নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি। পরদিন ৩ মে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিবাদ কর্মসূচি পালন এবং ৪ মে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান।
সভায় রেজাউল করিমকে হত্যার তীব্র প্রতিবাদ জানিয়ে বলা হয়, ধর্মান্ধ জঙ্গিবাদী গোষ্ঠী বারবার মুক্তচিন্তার ধারক ও বাহক এবং অসাম্প্রদায়িকতায় বিশ্বাসীদের ওপর হামলা করছে। জঙ্গিবাদী গোষ্ঠীর এমন অনৈসলামিক ও নিষ্ঠুর কার্যক্রম বন্ধের জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বিশ্ববিদ্যালয় শিক্ষকসহ সবার জননিরাপত্তা নিশ্চিত করতে হবে।
সভায় সভাপতিত্ব করেন ফেডারেশনের সভাপতি ফরিদ উদ্দিন আহমেদ। সঞ্চালনা করেন মহাসচিব এ এস এম মাকসুদ কামাল।