সৌদি আরবে মাকে পাচারের অভিযোগে চার ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছিলেন এক তরুণী। এর জেরে গতকাল সোমবার তাঁকে একটি প্রশিক্ষণ কর্মশালা থেকে বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে যশোরের অভয়নগরে।
মেয়েটির বাড়ি অভয়নগর উপজেলার শ্রীধরপুর ইউনিয়ন। শ্রীধরপুর ইউপি কার্যালয়ে বেসরকারি সংস্থা (এনজিও) বাঁচতে শেখার আয়োজনে দুই দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা হয়। আমন্ত্রণ পেয়ে গতকাল শেষ দিনে তিনি কর্মশালায় অংশ নিতে যান।
তরুণী প্রথম আলোকে বলেন, ‘চাকরির নামে আমার মাকে সৌদি আরবে পাচার করা হয়েছে। সেখানে আমার মা চরম দৈহিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন। এ ঘটনায় পাচারকারীদের বিরুদ্ধে আমি আদালতে মামলা করেছি। এরপর থেকে এ চক্রের সদস্য ও তাঁদের লোকজন আমাকে নানাভাবে হুমকি দিচ্ছেন। সর্বশেষ কর্মশালা থেকে আমাকে বের করে দেওয়া হলো।’
তরুণীটি ১১ জুলাই যশোর মানব পাচার প্রতিরোধ ও দমন ট্রাইব্যুনালে ওই মামলা করেন।