কর্মসূচিতে বহিষ্কৃতদের হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের বাঘারপাড়ায় উপজেলায় বিএনপির সদস্য সংগ্রহ কর্মসূচিতে হামলার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলা বিএনপির কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে।

দল থেকে বহিষ্কৃত নেতা আবু তাহের সিদ্দিকী ও তাঁর সমর্থকেরা এ হামলা চালিয়েছেন বলে বিএনপির নেতারা অভিযোগ করেছেন। তবে আবু তাহের সিদ্দিকী এ অভিযোগ অস্বীকার করেছেন।

হামলার সময় দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

উপজেলা বিএনপির কয়েকজন নেতা বলেন, গতকাল সকাল নয়টার দিকে বাঘারপাড়া উপজেলা বিএনপির কার্যালয়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে যশোর জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সামসুল হুদা, সাধারণ সম্পাদক সাবেরুল হক, যুগ্ম সম্পাদক আবদুস সালাম, বাঘারপাড়া উপজেলা আহ্বায়ক টি এস আইয়ুব প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে সকাল সাড়ে নয়টার দিকে জেলার নেতারা যশোর রওনা হন। এই সময় উপজেলা বিএনপির বহিষ্কৃত সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু তাহের সিদ্দিকীর নেতৃত্বে ১০০ থেকে ১৫০ জন বিএনপি কার্যালয়ে হামলা চালান। এ সময় সেখানে উপস্থিত নেতা-কর্মীদের সঙ্গে তাঁদের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে উপজেলা চেয়ারম্যান মশিয়ুর রহমানকে তাঁরা লাঞ্ছিত করেন। হামলাকারীরা তাঁর গায়ের পাঞ্জাবি ছিঁড়ে ফেলেন। এর কিছুক্ষণ পর ফের পাল্টাপাল্টি ধাওয়ায় লিপ্ত হয় দুই পক্ষ। পুলিশ লাঠিপেটা করে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। একপর্যায়ে আবু তাহের সিদ্দিকীর সমর্থকেরা দলীয় কার্যালয়ের দখল নিয়ে তালা ঝুলিয়ে দেন। এর পরপরই বিএনপি অফিসের পুনর্দখল নেন টি এস আইয়ুবের সমর্থকেরা। এরপর আইয়ুব অনুসারীরা প্রতিবাদ মিছিল বের করেন। তাঁরা স্থানীয় চৌরাস্তা মোড়ে সমাবেশ করেন। এ সময় বাজারের দোকানপাট বন্ধ হয়ে যায়।

টি এস আইয়ুব বলেন, বিএনপির সদস্য ফরম পূরণে কারও জন্য কোনো বাধা ছিল না। যে-কেউ ইচ্ছা করলেই তা পূরণ করতে পারতেন। বিএনপির মূলধারা থেকে ছিটকে পড়ে তাদের গাত্রদাহ শুরু হয়েছে। ক্ষমতাসীনদের বলে বলীয়ান হয়ে তাঁরা আধিপত্য বিস্তারের চেষ্টা করছে। কিছু বহিরাগত সন্ত্রাসী খালেদা জিয়ার এ কর্মসূচি নস্যাৎ করার জন্য হামলা চালিয়েছে।

মশিয়ুর রহমান বলেন, দলের ও জনপ্রতিনিধির চেয়ার না থাকায় আবু তাহের সিদ্দিকী হন্যে হয়ে গেছেন। সংগঠনবিরোধী কর্মকাণ্ডের জন্য দলীয় নেতা-কর্মীরা তাঁর কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। যে কারণে তিনি দল থেকে বহিষ্কার হয়েছেন। তাঁর বাড়ি থানা সদরে হওয়ায় তিনি ত্রাস সৃষ্টি করে পেশিশক্তির মাধ্যমে দলের অবস্থান ফিরে পেতে চাইছেন।

আবু তাহের সিদ্দিকী বলেন, ‘এক পক্ষীয়ভাবে সদস্য সংগ্রহ করা হচ্ছিল। এ কারণে তাঁরা কর্মীদের প্রতিরোধের মুখে পড়েছেন। বিএনপির সাধারণ কর্মীরা সেখানে প্রতিবাদ করতে গেছেন। সেখানে কোনো হামলার ঘটনা ঘটেনি। তবে সাধারণ কর্মীরা উপজেলা চেয়ারম্যান মশিয়ুর রহমানকে লাঞ্ছিত করেছেন। আমি একটু দূরে ছিলাম। পরে আমি সেখানে গিয়ে তাঁদের নিবৃত্ত করেছি।’

যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেরুল হক সাবু বলেন, ‘আমরা যখন চলে এসেছি, তখন সেখানে কোনো সমস্যা ছিল না। এরপর দুই-তিনজন লোক কিছু সদস্য সংগ্রহ বই নিয়ে গেছেন। এই নিয়ে একটু হইচই হয়েছে। তবে তা তেমন কিছু না।’