কর্মসৃজন কাজে অনিয়মের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের সালথায় ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে হতদরিদ্র ব্যক্তিদের জন্য কর্মসংস্থান কর্মসূচির দ্বিতীয় পর্যায়ের কাজে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। ওই উপজেলার সোনাপুর ইউনিয়নের চারটি প্রকল্প ঘুরে প্রতিটিতেই নানা অনিয়ম দেখা গেছে।

অনিয়মগুলোর মধ্যে রয়েছে—নির্দিষ্টসংখ্যক শ্রমিক না থাকা, অন্য ইউনিয়নের লোকদের দিয়ে কাজ করানো, কাজ ইজারা দেওয়া প্রভৃতি। কাজের মান নিয়েও এলাকাবাসীর মধ্যে রয়েছে ব্যাপক অসন্তোষ।

সোনাপুরে অতিদরিদ্র ব্যক্তিদের জন্য কর্মসংস্থান কর্মসূচি দ্বিতীয় পর্যায়ে মোট চারটি প্রকল্পের কাজ চলছে, যা পরিচালনা করছেন সোনাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. খায়রুজ্জামান ওরফে বাবু। তিনি নগরকান্দা উপজেলা যুবলীগের সভাপতিও।

এর মধ্যে রয়েছে ২ নম্বর ওয়ার্ডে মিনাজিদিয়া গ্রামের আজিজুল মোল্লা, আলমগীর মুনশি, মোতালেব সরদার এবং চান্দাখোলা গ্রামের রকিব মোল্লার বসতবাড়ি ও ভিটা উঁচু করার কাজ। এই কাজে ২৮ নারী, ১২ পুরুষসহ মোট ৪০ জন অদক্ষ শ্রমিকের ৪০ দিনে ৫৬ হাজার ঘনফুট মাটি কাটার কথা। এর জন্য ব্যয় ধরা হয়েছে ৩ লাখ ২২ হাজার টাকা।

গত ২৮ মে সরেজমিনে প্রকল্পভুক্ত এলাকায় দেখা গেছে, মিনাজদিয়া গ্রামে বসতবাড়ি ও ভিটা উঁচু করার কাজে কোনো শ্রমিকই নিয়োজিত নেই। ওই গ্রামের আলমগীর মুনশির স্ত্রী আকলিমা বেগম বলেন, ‘১৫ দিন আগে ১০ জন মহিলা ১ দিন মাটি কাটছে। কিন্তু আমার কাজের কাজ কিছু হয় নাই। আমার জমিডাও নষ্ট হইয়া গেছে।’ একই গ্রামের আজিজুল মোল্লার স্ত্রী রুবি বেগম বলেন, ‘৭ দিন আগে ৯ জন মহিলা ১ দিন মাটি কাটছে। উঠানে মাটি দিয়া ঘরের সমান উঁচু করার কথা ছিল। আমার যা দরকার ছিল, তা হয় নাই।’

৩ নম্বর ওয়ার্ডে বড় বাঙরাইল সোনা মিয়ার দোকান থেকে ঈদগাহ হয়ে সেলিম মুনশির বাড়ি পর্যন্ত সড়ক নির্মাণ প্রকল্পে ৫৭ জন নারী ও ২৫ জন পুরুষ শ্রমিকের ১ লাখ ১৪ হাজার ৮০০ ঘনফুট মাটি কাটার কথা। এর জন্য ব্যয় ধরা হয় ৬ লাখ ৫৮ হাজার টাকা।

সরেজমিনে বড় বাঙরাইল ওই প্রকল্পভুক্ত এলাকায় ৩টি স্থানে ৫ জন নারী, ২২ জন পুরুষসহ মোট ২৭ জন শ্রমিককে কাজ করতে দেখা গেছে। এর মধ্যে আনোয়ারউদ্দিন মুনশির বাড়ির সামনে ৭ জন পুরুষ, ঈদগাহের সামনে ৫ নারী এবং মুন মিয়ার বাগানের সামনে ১৫ জন শ্রমিককে কাজ করতে দেখা গেছে।

ওই এলাকার বাসিন্দা কৃষক ইউসুফ শেখ বলেন, ২০ দিন ধরে কাজ চলছে, কাজ ভালো হচ্ছে না, লোক দেখানো কাজ হচ্ছে।

৭ নম্বর ওয়ার্ডে ফুকরা পশ্চিমপাড়া আবু কালামের বাড়ি থেকে ঈদগাহ পর্যন্ত সড়ক ও দক্ষিণপাড়া পাকা রাস্তা থেকে আবদুল হাই মাতুব্বরের বাড়ি পর্যন্ত সড়ক নির্মাণ প্রকল্পে ৩৫ নারী, ১৫ পুরুষসহ মোট ৫০ শ্রমিকের ৭০ হাজার ঘনফুট মাটি কাটার কথা। এর জন্য বরাদ্দ ৪ লাখ ২ হাজার টাকা।

সরেজমিনে ফুকরা পশ্চিমপাড়া আবু কালামের বাড়ি থেকে ঈদগাহ পর্যন্ত প্রকল্পে কোনো শ্রমিককেই কাজ করতে দেখা যায়নি। এখানে কাজ করেছেন পাঞ্জু মাতুব্বর নামে অদক্ষ এক শ্রমিক। তিনি বলেন, ‘আমরা ৩৫-৪০ জন শ্রমিক ১০-১২ দিন কাজ করছি। ১০ দিন ধরে কাজ বন্ধ আছে। এ পর্যন্ত ৬০০ টাকা পাইছি। টাকা দেয় না বইলা আমরা কাজে আসি না।’

৮ নম্বর ওয়ার্ডে নটাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে খালপাড় দিয়ে ফারুক মিয়ার বাড়ি পর্যন্ত সড়ক নির্মাণকাজে ৪১ নারী, ১৯ পুরুষসহ মোট ৬০ শ্রমিকের ৮৪ হাজার ঘনফুট মাটি কাটার কথা। এর ব্যয় ধরা হয়েছে ৮ লাখ ৮২ হাজার টাকা।

সরেজমিনে নটাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে খালপাড় দিয়ে ফারুক মিয়ার বাড়ি পর্যন্ত রাস্তা নির্মাণকাজে মাত্র ১৬ জন পুরুষকে কাজ করতে দেখা গেছে। নীতিমালা অনুযায়ী স্থানীয় অদক্ষ শ্রমিক দিয়ে এই কাজ করানোর কথা। কিন্তু কর্মরত ওই ১৬ জন শ্রমিকের কেউই স্থানীয় লোক নন। তাঁরা সবাই বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের বাসিন্দা।

ওই এলাকার বাসিন্দা কৃষক খন্দকার মতিয়ার রহমান বলেন, ‘আমাদের এলাকার লোকদের বঞ্চিত করে বাইরের লোকদের নিয়া কাজ করানো হচ্ছে।’ একই কথা বলেন ইউপি সদস্য মো. রেজাউল।

কাজ নিয়ে কোনো অনিয়ম হচ্ছে না দাবি করে অভিযোগ প্রসঙ্গে সোনাপুর ইউপি চেয়ারম্যান মো. খায়রুজ্জামান বলেন, ‘এলাকায় শ্রমিক পাওয়া যাচ্ছে না। সবাই বিভিন্ন জায়গায় কাজে ব্যস্ত। এ অবস্থায় ১৭৫ টাকা দিয়ে ১ দিনের জন্য শ্রমিক পাওয়া যায় না, তাই কাজের স্বার্থে বেতন বাড়িয়ে কম শ্রমিক দিয়ে কাজ করতে বাধ্য হচ্ছি।’ এলাকার বাইরে থেকে শ্রমিক নেওয়া হচ্ছে না মন্তব্য করে তিনি বলেন, ‘পাশাপাশি এলাকা, তাদের সোনাপুরের মধ্যেই ধরা যায়।’ বাড়ির ভিত উঁচুকরণ নিয়ে ওঠা অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘আপাতত সব বাড়িতেই কিছু কিছু মাটি ফেলা হচ্ছে। পরে চাহিদামতো সব ঠিক করে দেব। আরও ২০ দিন সময় হাতে আছে।’ ইউপি সদস্যদের অভিযোগ সম্পর্কে তিনি বলেন, ‘আমার সামনে কোউ কাজের বদনাম করতে পারবে না।’