কর্মস্থলে অনুপস্থিত থেকে বেতন তুলছেন তিনি
গাইবান্ধার পলাশবাড়ী সদর ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা তরিকুল ইসলাম এক বছর ধরে সঠিকভাবে দায়িত্ব পালন করছেন না বলে অভিযোগ পাওয়া গেছে। দায়িত্ব পালন না করলেও তিনি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ও উপজেলা কৃষি কর্মকর্তাকে ঘুষ দিয়ে নিয়মিত বেতন-ভাতা তুলছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তবে ওই কর্মকর্তা সঠিকভাবে দায়িত্ব পালন না করার অভিযোগ অস্বীকার করেছেন।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় ২৯ জন উপসহকারী কৃষি কর্মকর্তা (এসএএও) রয়েছেন। চাকরির নীতিমালা অনুযায়ী উপসহকারী কৃষি কর্মকর্তাদের সাপ্তাহিক সভা উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হবে। সভায় তাঁদের উপস্থিতি বাধ্যতামূলক। কেউ সভায় অনুপস্থিত থাকলে পূর্ববর্তী পাঁচ কার্যদিবসে অনুপস্থিত বলে গণ্য হবে। এ ছাড়া প্রত্যেক উপসহকারী কৃষি কর্মকর্তা প্রতি মাসে দুবার ১৫ দিনের পূর্ব কর্মপরিকল্পনা উপজেলা কৃষি কর্মকর্তার কাছে জমা দেবেন। তরিকুল ইসলাম ওই সভায় উপস্থিত থাকেন না এবং উপজেলা কৃষি কর্মকর্তার কাছে কর্মপরিকল্পনাও জমা দেন না।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, একটি ইউনিয়নে তিনটি ব্লক থাকে। এর প্রতিটিতে একজন করে উপসহকারী কৃষি কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। সে অনুযায়ী পলাশবাড়ী সদর ইউনিয়নে তিনটি ব্লকের মধ্যে জামালপুর ব্লকে কাজী মিজানুর ও গিরিধারীপুর ব্লকে আবদুর রহমান এবং নুনিয়াগাড়ি ব্লকে তরিকুল ইসলামের কর্মরত থাকার কথা।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন উপসহকারী কৃষি কর্মকর্তা জানান, অপর দুজন কর্মরত থাকলেও তরিকুল ইসলাম প্রায় এক বছর ধরে কর্মস্থলে অনুপস্থিত। তিনি পরিবার নিয়ে ঢাকায় বসবাস করেন। দায়িত্ব পালন না করেও উপজেলা কৃষি কর্মকর্তা ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালককে মাসোহারা দিয়ে বেতন-ভাতা নিচ্ছেন। প্রতি মাসে একদিন উপজেলা কার্যালয়ে গিয়ে সই করে তিনি বেতন তুলে নিয়ে যাচ্ছেন।
নুনিয়াগাড়ি ব্লকের কৃষক আমিনুল ইসলাম, শুকুর আলী ও আবদুল মতিন বলেন, পরামর্শ পাওয়া তো দূরের কথা, তাঁরা তাঁকে (তরিকুল) চেনেন না। গত বছরের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত আটটি সাপ্তাহিক সভার উপস্থিতি রেজিস্টার ঘেঁটে দেখা গেছে, তরিকুল ইসলাম অনুপস্থিত। তার কোনো সই নেই। তিনি ছুটিও নেননি।
জামালপুর ব্লকে কর্মরত কাজী মিজানুর বলেন, তরিকুল ঢাকায় থাকেন। কিন্তু মাঝে মাঝে এলাকায় আসেন। পলাশবাড়ী সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, ‘তরিকুল ইসলাম নামের কোনো উপসহকারী কৃষি কর্মকর্তাকে চিনি না। তবে অপর দুজনকে চিনি।’ নুনিয়াগাড়ি গ্রামের বাসিন্দা ও পলাশবাড়ী ইউপির ২ নম্বর ওয়ার্ডের সদস্য ময়েন উদ্দিন বলেন, ‘আমার গ্রামে তাকে কখনো দেখিনি।’
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন উপসহকারী কৃষি কর্মকর্তা আরও অভিযোগ করেন, এর আগেও তরিকুল ইসলাম পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের সাহিনদহ ব্লকে প্রায় চার বছর কর্মরত ছিলেন। তিনি কখনো এলাকায় যাননি। শুধু মাসে একদিন গিয়ে বেতন তুলেছেন। হোসেনপুর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য ও সাহিনদহ এলাকার বাসিন্দা মিজানুর রহমান বলেন, তরিকুলকে তিনি চেনেন না।
তরিকুল ইসলামের কাছ থেকে মাসোহারা নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান। তরিকুলের কর্মস্থলে অনুপস্থিত থাকার বিষয়ে তিনি বলেন, দাপ্তরিক হিসাবে তিনি ঢাকায় থাকেন না। ছুটি নিয়ে ঢাকায় যেতে পারেন। তবে বর্তমানে অবরোধের কারণে কেউই ঠিকভাবে ব্লকে যেতে পারছেন না। আটটি সাপ্তাহিক সভার উপস্থিতি রেজিস্টারে তরিকুলের সই না থাকার বিষয়ে তিনি বলেন, ওই সময় তিনি (তরিকুল) ছুটিতে ছিলেন। কিন্তু ছুটির কোনো আবেদন তিনি দেখাতে পারেননি। ব্লকের জনপ্রতিনিধি ও কৃষকরা তরিকুল ইসলামকে চিনেন না কেন জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, তিনি তো সম্প্রতি কৃষকদের পরিচিতি কার্ড বিতরণ করেছেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মীর আবদুর রাজ্জাক ঘুষ নিয়ে তরিকুলকে বেতন ওঠানোর ব্যবস্থা করে দেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এ জন্য আমি দায়ী নই। কর্মস্থলে না গেলে তা দেখার দায়িত্ব উপজেলা কৃষি কর্মকর্তার।’
উপসহকারী কৃষি কর্মকর্তা তরিকুল ইসলাম মুঠোফোনে বলেন, ‘আমার পরিবার ঢাকায় থাকে ঠিক। কিন্তু আমি নিয়মিত কর্মস্থলে যাই। সাপ্তাহিক ছুটিতে ঢাকায় যাতায়াত করি। অথচ আমার বিরুদ্ধে এসব অপপ্রচার চালানো হচ্ছে।’