
হবিগঞ্জের নবীগঞ্জে অঞ্জনা নম (১৬) হত্যা মামলার প্রধান আসামি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী সজল কান্তি দেব ১৭ আগস্ট থেকে কর্মক্ষেত্রে অনুপস্থিত। এদিকে সজল তাঁর দায়িত্ব কাউকে বুঝিয়ে না দেওয়ায় নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবিকা ও কর্মচারীদের বেতন-ভাতা উত্তোলনসহ নানা সমস্যা দেখা দিয়েছে।
এদিকে অঞ্জনা হত্যার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার বিকেলে নতুন বাজার মোড়ে এক প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী। হত্যার অভিযোগ ওঠায় তাঁকে ১৮ আগস্ট আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করে জেলা সিভিল সার্জন কার্যালয়। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত তিনি সেখানে যোগ দেননি।
স্বাস্থ্য কমপ্লেক্সের সেবিকাদের অনেকেই জানান, সম্প্রতি তাঁরা দ্বিতীয় শ্রেণিতে পদোন্নতি পেয়েছেন। এখনো সেই স্কেলে বেতন তাঁরা ওঠাতে পারেননি। সজলের অনুপস্থিতির কারণে তাঁদের কাজ আটকে আছে। হাসপাতাল সূত্র জানায়, হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের বেতন এবং এ খাতের টাকা সজল কান্তি দেবের কাছে রক্ষিত থাকত। এ খাত সজল দেখভাল করায় টাকার হিসাবও হাসপাতাল বুঝে পায়নি।
সিভিল সার্জন নাসির উদ্দিন ভুঁইয়া জানান, শিগগিরই সজলকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আরও বলেন, ‘আমরা সন্দেহ করছি, অর্থের কোনো ব্যত্যয় ঘটল কি না।’
জানা গেছে, সজল এ হাসপাতালে টানা ২২ বছর ধরে কর্মরত আছেন। তিনি ১৯৯২ সালের ১৩ ডিসেম্বর নিম্নমান সহকারী হিসেবে যোগদান করেন। ২০০৩ সালে তাঁর পদন্নোতি হয় প্রধান সহকারী হিসেবে। এ সময় তাঁকে হবিগঞ্জ জেলা সদরে বদলি করা হয়। কিন্তু তিনি অফিসের সঙ্গে সমঝোতা করে নবীগঞ্জে থেকে যান। আবার ২০০৬ সালে ৩১ জুলাই তাঁকে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় বদলি করা হয়। সেখানে দুই মাস থেকে আবার তিনি নবীগঞ্জ হাসপাতালে চলে আসেন। ২০০৭ সালে ২ এপ্রিল তাঁকে আবারও সিলেটের কানাইঘাট উপজেলায় বদলি করলে সেখানে তিনি মাত্র দেড় মাস থাকার পর আবার চলে আসেন। সজলের সহকর্মীরা বলেন, এক জায়গায় দীর্ঘদিন চাকরি করায় এলাকার ক্ষমতাধর লোকজনের সঙ্গে তাঁর ওঠা-বসা ছিল। সজলের স্ত্রী শিউলী রানী দেব গত পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে নির্বাচনও করেন। অভিযোগ আছে, সজল হাসপাতালের প্রধান সহকারী থাকায় সেবিকাদের তাঁর কাছে প্রতিনিয়তই যেতে হতো। এ সুবাদে তিনি সেবিকাদের সঙ্গে সখ্য গড়ায় ব্যস্ত থাকতেন।
নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ভবন থেকে ১৬ আগস্ট পুলিশ অঞ্জনার লাশ উদ্ধার করে। তাঁকে হত্যার অভিযোগ এনে নিহতের বাবা রাজেন্দ্র নম বাদী হয়ে হত্যা মামলা করেন।