কর্মস্থলে না গিয়ে বেতন-ভাতা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের রোয়াংছড়ি-রুমা উপজেলার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রে (ইউএইচডব্লিউসি) পদায়িত চিকিৎসকেরা একবারের জন্যও কর্মস্থলে না গিয়ে বেতন-ভাতা নিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ছাড়া অন্যান্য উপজেলায় পদায়িতরাও উপস্থিতি স্বাক্ষরের জন্য মাসে দু-তিনবার কর্মস্থলে গিয়ে থাকেন বলে জনপ্রতিনিধি ও এলাকাবাসী জানিয়েছেন।
সরেজমিনে কয়েকটি ইউনিয়নে গিয়ে পদায়িত চিকিৎসকদের কাউকে ইউএইচডব্লিউসিতে পাওয়া যায়নি। উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে পাওয়া পদায়িত কয়েকজন চিকিৎসক বলেছেন, তাঁরা পালাক্রমে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে কাজ করছেন। রোয়াংছড়িতে ইউএইচডব্লিউসিতে পদায়িত চিকিৎসকেরা একবারও কর্মস্থলে না যাওয়ার কথা স্বীকার করে বলেন, অপরিচিত এলাকা, যোগাযোগ সমস্যাসহ বিভিন্ন কারণে তাঁরা যেতে পারেননি।
সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তারা জানান, ৩৩তম বিশেষ বিসিএসের ৩৪ জন চিকিৎসককে গত আগস্টে বান্দরবান পার্বত্য জেলায় পদায়ন করা হয়েছে। পদায়ন আদেশ অনুযায়ী ২২ জন উপজেলায় দুর্গম এলাকার ইউএইচডব্লিউসিতে এবং ১২ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কাজ করার কথা। কিন্তু রোয়াংছড়ি ও রুমা উপজেলায় আটটি ইউনিয়নে আটজন, থানচি উপজেলার রেমাক্রি ইউপিতে একজন, বান্দরবান সদরে টংকাবতী ইউনিয়নে একজনসহ মোট ১০ জন চিকিৎসক এখনো পর্যন্ত একবারও তাঁদের কর্মস্থলে যাননি বলে এলাকার লোকজন অভিযোগ করেছেন।
১৯ নভেম্বর রোয়াংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সকালে গিয়ে প্রসেনজিৎ ঘোষ নামে একজন ছাড়া আর কোনো চিকিৎসককে দেখা যায়নি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকেও পাওয়া যায়নি। দুপুরে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে পাওয়া আলেক্ষ্যং ইউএইচডব্লিউসিতে পদায়িত সৈকত ঘোষ ও নোয়াপতংয়ের পিনাকি দাশের কাছে কর্মস্থলে যাওয়ার ব্যাপারে জানতে চাইলে সৈকত ঘোষ ক্ষিপ্ত হয়ে বলেন, তাঁরা সরকারি চাকরি করেন। সরকার ছাড়া কারও কাছে জবাবদিহি করেন না। পিনাকি দাশ বলেন, এলাকা সম্পর্কে পরিচিত হলে নিয়মিত তিনি কর্মস্থলে যাবেন।
রুমা উপজেলার পাইন্দু ইউএইচডব্লিউসিতে পদায়িত শান্তনু ঘোষ কর্মস্থলে একবারও না যাওয়ার কথা স্বীকার করে বলেন, তাঁরা চারজন সবাই সিভিল সার্জনের মৌখিক নির্দেশে কর্মস্থলে না গিয়ে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে কাজ করছেন।
রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউএইচডব্লিউসিতে গিয়ে উপসহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা ভবানি দাশ বলেন, সুমন চৌধুরী নামে একজন সহকারী সার্জন পদায়নের ব্যাপারে তিনি একটি চিঠি পেয়েছেন। কিন্তু তাঁকে এখনো তিনি দেখেননি। জেলা শহরের কাছাকাছি সুয়ালক ইউনিয়নের ইউএইচডব্লিউসিতেও পদায়িত চিকিৎসককে পাওয়া যায়নি।
রুমা উপজেলার গালেংগ্যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান (ইউপি) সুয়েশৈ মার্মা, নাইক্ষ্যংছড়ির দোছড়ির ইউপি আবদুর রশিদ ও সুয়ালক ইউপি চেয়ারম্যান রাংলাই ম্রো বলেন, কোনো চিকিৎসক ইউনিয়ন কেন্দ্রে নিয়মিত যান না। হাজিরা খাতায় স্বাক্ষর করার জন্য মাঝেমধ্যে গিয়ে থাকেন।
বান্দরবানের সিভিল সার্জন মংতেঝ রাখাইন বলেন, ইউনিয়ন কেন্দ্রে পদায়িত চিকিৎসকেরা একেবারেই কর্মস্থলে না যাওয়ার অভিযোগ সঠিক নয়।
চিকিৎসকের সমস্যা থাকলে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে কাজ করার জন্য বলা হয়েছে স্বীকার করে তিনি বলেন, বান্দরবান সদর হাসপাতালেও কয়েকজনকে নিয়ে আসা হয়েছে। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে।