কর্মস্থলে ফেরার পথে ডাকাতের কবলে মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থেকে ঢাকাগামী রয়েল এক্সপ্রেসের একটি নৈশকোচ গত রোববার রাত ১১টার দিকে ডাকাতের কবলে পড়ে। ডাকাতেরা চুয়াডাঙ্গা-কুষ্টিয়া মহাসড়কের আলমডাঙ্গা উপজেলার ব-বিল স্থানে গাছ ফেলে বাসটিতে ডাকাতি করে। একই সময়ে ওই পথে আরও দুটি ট্রাক ডাকাতের কবলে পড়ে।

নৈশকোচের সুপারভাইজার মানিক মিয়া বলেন, রোববার রাত ১১টার দিকে ১৭ জন যাত্রী নিয়ে কোচটি আলমডাঙ্গা থেকে ব-বিল স্থানে এসে পৌঁছে। এ সময় রাস্তায় একটি গাছ পড়ে থাকতে দেখে চালক বাসটি থামান।

বিষয়টি মুঠোফোনে তৎক্ষণাৎ কোচের আলমডাঙ্গার কাউন্টার মাস্টার মোফাজ্জল আলীকে জানানো হলে তিনি থানায় খবর দেন। কিন্তু প্রায় আধা ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে আসে। ততক্ষণে ডাকাতেরা অস্ত্র দেখিয়ে যাত্রীদের সর্বস্ব লুট করে চলে যায়।

রয়েল এক্সপ্রেসের স্বত্বাধিকারী ও চুয়াডাঙ্গা জেলা বাস ও মিনিবাস মালিক পক্ষের সভাপতি মো. সালাহউদ্দিন অভিযোগ করেন, পুলিশের কর্তব্যে অবহেলায় নৈশকোচে একের পর এক ডাকাতি হচ্ছে। তিনি বলেন, ঈদের আগে রয়েল এক্সপ্রেসের কোচ দুই দফা ডাকাতের কবলে পড়ে। ওই সব ঘটনাতেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির উদ্দিন মোল্লা বলেন, ‘খবর পাওয়ার তিন থেকে চার মিনিটের মাথায় টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। পুলিশের গাড়ি দেখেই ডাকাতেরা পালায়। ডাকাতেরা ১০ যাত্রীর কাছ থেকে ১০ হাজারের মতো টাকা নিয়েছে বলে জেনেছি।’