সরকারি নির্দেশনা সত্ত্বেও বরিশালের আগৈলঝাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী, স্বাস্থ্য পরিদর্শক ও সহকারী স্বাস্থ্য পরিদর্শকদের বেতন-ভাতা ব্যাংক হিসাবের মাধ্যমে দেওয়া হচ্ছে না। নগদ টাকা দেওয়ার সময় কমপ্লেক্সটির প্রধান অফিস সহকারী প্রেমানন্দ দাস ওই ২৫ জন স্বাস্থ্যকর্মীর প্রত্যেকের কাছ থেকে ৪০০ থেকে ৬০০ টাকা করে নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় চিকিৎসা কর্মকর্তা আবদুল্লাহ আল মামুনকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটির অধীনে স্বাস্থ্য সহকারী ১৯টি, স্বাস্থ্য পরিদর্শক ১টি ও সহকারী স্বাস্থ্য পরিদর্শকের ৫টি পদ রয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী ব্যাংকে হিসাব খোলার পর তাঁদের বেতন-ভাতা নিজ হিসাবে জমা হবে। স্বাস্থ্য পরিদর্শক জামাল হোসেন, সহকারী স্বাস্থ্য পরিদর্শক সমতের আলী, নীলকান্ত ব্যাপারী, কল্পনা রানী ও স্যামকান্ত সমাদ্দার বলেন, বরিশালের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যকর্মীদের বেতন-ভাতা নিজ ব্যাংক হিসাবে জমা হয়। কিন্তু আগৈলঝাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে এ নির্দেশনা মানা হচ্ছে না।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন স্বাস্থ্যকর্মী বলেন, প্রেমানন্দ দাস বেতন-ভাতার টাকা ব্যাংক থেকে তুলে নিজের কাছে রাখেন এবং নগদ পরিশোধ
করার সময় বিভিন্ন খরচের নামে প্রতি মাসে প্রত্যেকের কাছ থেকে ৪০০ থেকে ৬০০ টাকা কেটে রাখেন। টাকা কেটে রাখার বিষয়ে জানতে চাইলে কিংবা প্রতিবাদ করলে তিনি হয়রানি করার হুমকি দেন।
টাকা কেটে নেওয়ার অভিযোগ অস্বীকার করে প্রেমানন্দ দাস বলেন, ‘সরকারি নির্দেশনা পাওয়ার পর তাঁদের ব্যাংকে হিসাব খোলার কথা বলেছি। কিন্তু হিসাব না খোলায় বেতন-ভাতা নগদে দেওয়া হচ্ছে।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলতাফ হোসেন বলেন, এ বিষয়ে গত বৃহস্পতিবার তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বরিশালের সিভিল সার্জন এ কে এম সফিউদ্দিন বলেন, অভিযোগ শোনার পর তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অভিযোগের সত্যতা পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।