কর্মীদের মারধর ও প্রচারপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভার পৌরসভা নির্বাচনে প্রচারণায় বাধা দেওয়া, পোস্টার ছিঁড়ে ফেলা, ভোটারদের ভয়ভীতি দেখানো এবং প্রচারণায় নিয়োজিত কর্মীদের মারধরের অভিযোগ করেছেন কয়েকজন মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থী। গতকাল রোববার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় তাঁরা এসব অভিযোগ করেন।
পৌর নির্বাচনে প্রতিদ্বন্দ্বী মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীদের সঙ্গে মতবিনিময় করতে রিটার্নিং কর্মকর্তা ওই সভার আয়োজন করেন। সভায় জেলা ও উপজেলা পর্যায়ের পদস্থ কর্মকর্তাসহ পাঁচজন মেয়র, ৪৫ জন কাউন্সিলর ও ১১ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী উপস্থিত ছিলেন। তবে বিএনপির মেয়র পদপ্রার্থী বদিউজ্জামানকে সেখানে দেখা যায়নি।
সভায় স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী সালাহ উদ্দিন খান বলেন, তাঁর কর্মীদের মারপিট করে পোস্টার ও প্রচারপত্র ছিনিয়ে নেওয়া হচ্ছে। কিছু মুখোশধারী যুবক এলাকায় আতঙ্ক সৃষ্টি করছেন, যাতে ভোটাররা কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে না পারেন। নির্বাচন থেকে সরে না দাঁড়ালে তাঁকে হত্যা করা হবে বলেও হুমকি দেওয়া হচ্ছে।
জাতীয় পার্টির মেয়র পদপ্রার্থী আজিজুর রহমান বলেন, এমন পরিবেশ সৃষ্টি করা হচ্ছে, যাতে ভোটাররা শঙ্কিত হয়ে পড়ছেন। ক্ষমতাসীন দলের ভয়ে ভোটাররা তাঁর সঙ্গে কথা বলতেও ভয় পাচ্ছেন। ভয়ে কর্মীরা তাঁর হয়ে ভোট প্রার্থনা করতে সাহস পাচ্ছেন না। এ অবস্থায় সাভারে সুষ্ঠু নির্বাচন আশা করা অসম্ভব।
এদিকে মতবিনিময় সভায় যোগ দিতে না পারলেও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বসে বিএনপির মেয়র পদপ্রার্থী বদিউজ্জামানের স্ত্রী শিরিন আক্তার বলেন, নির্বাচনী এলাকার কোথাও তাঁদের পোস্টার টাঙাতে দেওয়া হয়নি। এমনকি ভোটারদের কাছেও যেতে দেওয়া হচ্ছে না। তিনি বলেন, গতকাল তিনি কয়েকজন নারী কর্মীকে নিয়ে বাসস্ট্যান্ড এলাকার একটি বিপণিবিতানে ভোট চাইতে গেলে সরকারি দলের লোকজন তাঁদের লাঞ্ছিত করেন। এরপর প্রচারপত্র ছিনিয়ে নিয়ে তাঁদের সেখান থেকে বের করে দেন। এ ব্যাপারে তিনি গতকাল রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন।
মতবিনিময় সভায় রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম বলেন, কোনো অবস্থাতেই আচরণবিধি লঙ্ঘন করা যাবে না। অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা জেলার পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, আতঙ্ক সৃষ্টি করে ভোটারদের কেন্দ্রে যাওয়া থেকে বিরত রাখা হবে—এটা চিন্তা করার কোনো কারণ নেই। ভোটাররা যাতে নিরাপদে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করা হবে।
জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন মিয়া বলেন, পোস্টার ছেঁড়া আর প্রচারণায় বাধা দেওয়া বন্ধ করতে হবে। এসব বন্ধে প্রয়োজনে পুলিশের টহল আরও জোরদার করা হবে। প্রার্থীদের অভিযোগ সম্পর্কে তিনি বলেন, কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।