তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি মারধরের ঘটনা ঘটেছে। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মমতাজউদ্দিন কলা ভবনের সামনে এ ঘটনায় দুই ছাত্রলীগের কর্মী আহত হয়েছেন।
আহত ছাত্ররা হলেন অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও ছাত্রলীগের কর্মী রাশেদুল ইসলাম এবং ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও ছাত্রলীগের কর্মী গোলাম রাব্বানি। এ ঘটনায় ছাত্রলীগের দুই পক্ষ পাল্টাপাল্টি অবস্থান নিলে ক্যাম্পাসে উত্তেজনা দেখা দেয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গোলাম রাব্বানি তাঁর বান্ধবীসহ কয়েকজনকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের ডিন ভবনের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন। একই সময় রাশেদুল ইসলামও কয়েকজনকে নিয়ে হেঁটে যাচ্ছিলেন। একপর্যায়ে রাব্বানি ও রাশেদুলের মধ্যে কথা-কাটাকাটি হলে রাব্বানিকে মারধর করেন রাশেদুল ও তাঁর লোকজন। ঘটনাটি রাব্বানি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদের অনুসারীদের জানান। এরপর ফয়সালের অনুসারী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের মানবসম্পদ উন্নয়নবিষয়ক সম্পাদক সাবরুন জামিল সুস্ময়, সহ-সম্পাদক সাদ্দাম হোসেন ওরফে সজীবের নেতৃত্বে ১০-১২ জন মমতাজউদ্দিন কলা ভবনের সামনে গেলে কথা-কাটাকাটির একপর্যায়ে রাশেদুল ও ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী গোলাম মওলাকে মারধর করেন সাবরুন জামিলসহ অন্য নেতা-কর্মীরা। এ সময় সেখানে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমানের অনুসারী হিসেবে পরিচিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজীব হোসেন, হবিবুর রহমান হল শাখা ছাত্রলীগের সভাপতি মামুনুর রশিদসহ আরও কয়েকজন উপস্থিত ছিলেন। এ ঘটনার পর সভাপতি পক্ষের নেতা-কর্মী ও সাংগঠনিক সম্পাদক ফয়সালের পক্ষের নেতা-কর্মীরা ক্যাম্পাসের দুই পাশে অবস্থান নিলে উত্তেজনা দেখা দেয়।
জানতে চাইলে সাবরুন জামিল বলেন, ‘আমার ছোট ভাই গোলাম রাব্বানি তার বান্ধবীকে নিয়ে হেঁটে যাচ্ছিল। এ সময় রাশেদুলসহ অন্যরা তাদের বাজে ভাষায় কথা বলে এবং মারধর করে। এটা শোনার পর বিষয়টি নিয়ে সেখানে কথা বলতে গেলে তারা আমাদের সঙ্গেও খারাপ ব্যবহার করে। কথা-কাটাকাটির একপর্যায়ে মারধর করলে আমরাও তাদের মারি।’
ছাত্রলীগের কর্মী রাশেদুল ইসলাম বলেন, ‘পাশ দিয়ে যাওয়ার সময় গোলাম রাব্বানির কাছে আমি জানতে চাই আজ ক্যাম্পাসে কোন ইউনিটের ভাইভা হচ্ছে? এরপর সে আমার জুনিয়র হয়েও আমার সঙ্গে খারাপ ব্যবহার করে ও আমাকে চড় মারে। তখন আমাদের মধ্যে হাতাহাতি হয়। এরপর সাবরুন জামিলের নেতৃত্বে ১০-১২ জন এসে কোনো কথা না বলে আমাকে মারধর করে চলে যায়।’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজীব হোসেন বলেন, ‘আমরা কয়েকজন ওখানে দাঁড়িয়ে ছিলাম। তারপরও ওরা এসে রাশেদুল ও বিপ্লবকে বেধড়ক মারধর করে। পরে আমরা এগিয়ে এলে ওরা চলে যায়।’
নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, এ ঘটনার পর ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা হয়। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।