কলকাতাগামী বাসে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা থেকে কলকাতাগামী সোহাগ পরিবহনের একটি বাসে একদল ডাকাত যাত্রীবেশে অস্ত্রের মুখে চালকসহ সবাইকে জিম্মি করে যাত্রীদের টাকা ও স্বর্ণালংকারসহ মালামাল লুট করেছে। গত বৃহস্পতিবার ভোরে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের রাজবাড়ীর গোয়ালন্দের রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
বাসের চালক স্বপন বিশ্বাস জানান, বুধবার রাত সাড়ে নয়টার দিকে ঢাকার মালিবাগ থেকে সোহাগ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৬৫০৭) নিয়ে তিনি কলকাতার উদ্দেশে রওনা হন। বাসটিতে ২৮ জন যাত্রী ছিল। রাত দুইটার দিকে পাটুরিয়া ঘাটে বাসটি যানজটে আটকা পড়ে। এ সময় কয়েকজন যাত্রী বাস থেকে নেমে ফেরিতে ওঠেন। সাড়ে তিনটার দিকে গোয়ালন্দের রেলগেট এলাকায় হঠাৎ চালকের আসনের পেছনের গ্রিল টপকে এক যাত্রী চালকের কাছাকাছি যায়। এরপর পেছন থেকে তাঁর ঘাড়ে আঘাত করে। চালক আসন থেকে পাশে পড়ে গেলে তাৎক্ষণিক আরও দুই যাত্রী উঠে আগ্নেয়াস্ত্রের মুখে তাঁকে জিম্মি করে ফেলে। চালক কৌশলে গাড়ির ইঞ্জিন বন্ধ করে ‘ডাকাত’ বলে চিৎকার করতে থাকেন। ইঞ্জিন বন্ধ করায় ডাকাত দল তাঁকে মারধর করতে থাকে। একপর্যায়ে ইঞ্জিন চালু করে স্টিয়ারিং নিয়ন্ত্রণে নিয়ে একজন চালাতে থাকে। এভাবে প্রায় ২৫-৩০ কিলোমিটার বাস চালিয়ে নেওয়া হয়। বাসের সহকারী রুবেল শেখ চিৎকার করলে তাঁকে প্রচণ্ড মারধর করা হয়। বাসের তত্ত্বাবধায়ক মেহেদী হাসান এগিয়ে এলে তাঁকেও মারধর করে অস্ত্রের মুখে জিম্মি করা হয় এবং বাসের সিটে বসে থাকা যাত্রীবেশী আরও কয়েকজন দ্রুত অস্ত্র বের করে যাত্রীদের সবকিছু লুটে নেয়।
গোয়ালন্দঘাট থানার ওসি আবদুল খালেক বলেন, ভিডিও ফুটেজ ও স্থিরচিত্র দেখে ডাকাতদের শনাক্তের চেষ্টা চলছে।