কলম দিয়ে খুঁচিয়ে শিশুকে নির্যাতন
শিশুটির শরীরের বিভিন্ন স্থান কলম ও আলপিন দিয়ে খুঁচিয়ে জখম করা হয়েছে। করা হয়েছে মারধর। এ ঘটনা ঘটেছে গত বৃহস্পতিবার নীলফামারীর ডোমার উপজেলার জোড়াবাড়ি ইউনিয়নে।
শিশুটির নাম সাথী মণি (৯)। সে উপজেলার বাজারপাড়া এলাকার তোফা মামুদের মেয়ে। সে প্রতিবেশী মো. নুরন্নবীর বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করত। নুরন্নবী ও তাঁর স্ত্রী নুরজাহান আকতার তাঁর ওপর নির্যাতন চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত শনিবার সন্ধ্যায় তার বড় ভাই আসাদ মিয়া ডোমার থানায় শিশু আইনে মামলা করেছেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ওই গ্রামের রিকশাচালক তোফা মামুদের দুই ছেলে ও তিন মেয়ে। সবার ছোট সাথীকে বড় ছেলে আসাদের কাছে রেখে বাবা ঢাকায় রিকশা চালান। আর মা রোকেয়া বেগম ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি করেন। নুরন্নবীর অনুরোধে প্রায় দুই মাস আগে আসাদ তাঁর বোনকে গৃহকর্মীর কাজের জন্য নুরন্নবীর বাসায় রেখে দেন। সাথী মণি কাজের পাশাপাশি জামির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণিতে পড়াশোনা করছিল। কিছুদিন আগে তুচ্ছ ঘটনায় মারধর করায় সে কাজ ছেড়ে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে গত বৃহস্পতিবার সকালে তাকে বাসায় ডেকে পাঠান নুরন্নবী ও তাঁর স্ত্রী। তাঁর হাতের আঙুলের মাঝখানে পেনসিল রেখে দুই পাশ থেকে চাপা দেন এবং কলম দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এ সময় সাথীর চিৎকারে এলাকাবাসী ছুটে আসেন। পরে তাঁরা তাকে উদ্ধার করে ডোমার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা রায়হান বারী জানান, মেয়েটির শরীরের তিনটি স্থানে আলপিন ও কলম দিয়ে জখম করার চিহ্ন পাওয়া গেছে।
মো. নুরন্নবী বলেন, ‘সাথী মণি স্থায়ীভাবে আমার বাসায় কাজ করত না। কয়েক দিন ধরে আমার বাসার মালামাল চুরি যাচ্ছিল। চুরি করার সময় তাঁকে হাতেনাতে ধরলেও কোনো নির্যাতন করিনি। এলাকাবাসীর সামনে ওর স্বজনেরা শাসন করবে বলে নিয়ে যান। এখন পরিকল্পিতভাবে তাঁরা মামলা করেছেন।’ তিনি দাবি করেন, ‘আমি ভিলেজ পলিটিকসের (গ্রাম্য রাজনীতির) শিকার হয়েছি।’