কলমাকান্দা থেকে অপহৃত ছাত্র সখীপুরে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কমলাকান্দা থেকে অপহরণের পাঁচ দিন পর এক মাদ্রাসাছাত্রকে টাঙ্গাইলের সখীপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সখীপুর পৌর এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
অপহৃত ছাত্রের নাম নুরুজ্জামান (১৪)। সে নেত্রকোনার কমলাকান্দা উপজেলার কয়রা গ্রামের আবদুর রশিদ মিয়ার ছেলে। এই ঘটনায় গ্রেপ্তার হওয়া রমজান আলী খান ওরফে বাদলের (৫৪) বাড়ি টাঙ্গাইলের বাসাইল উপজেলার ফুলকি গ্রামে।
পুলিশ ও ওই মাদ্রাসাছাত্রের দেওয়া তথ্যসূত্রে জানা যায়, গত বুধবার দুপুরে নেত্রকোনার কমলাকান্দা উপজেলার পাঁচকাঠা বাঘে জান্নাত ইসলামিয়া দারুল উলুম হাফেজিয়া মাদ্রাসার পাশ থেকে নিখোঁজ হয় ওই মাদ্রাসার ছাত্র নুরুজ্জামান। গত শুক্রবার বিকেলে নুরুজ্জামানের বাবা আবদুর রশিদ মিয়ার মুঠোফোনে ফোন করে ২৫ হাজার টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। রাতেই নুরুজ্জামানের বাবা আবদুর রশিদ অপহরণকারীর ওই নম্বরে পাঁচ হাজার টাকা বিকাশ করে পাঠিয়ে দেন।
এই ঘটনায় গত শনিবার নুরুজ্জামানের বাবা আবদুর রশিদ কমলাকান্দা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। কমলাকান্দা থানায় পুলিশ ওই মুঠোফোনের সূত্র ধরে গতকাল সখীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের চাল ব্যবসায়ী আবদুস ছামাদের ভাড়া দেওয়া একটি বাসা থেকে নুরুজ্জামানকে উদ্ধার ও অপহরণকারী রমজান আলীকে গ্রেপ্তার করে।
মাদ্রাসাছাত্র নুরুজ্জামান বলেন, ‘ঘটনার দিন মাদ্রাসার পাশ থেকে ওই লোকটি (রমজান আলী) আমাকে একটি চকলেট হাতে দেয়। চকলেটটি মুখে দেওয়ার সঙ্গে সঙ্গেই আমি অজ্ঞান হয়ে পড়ি। পরে সুস্থ হয়ে দেখি আমি একটি বাসায় আটক আছি। পরে ওই লোকটি বাবার মোবাইল ফোনে ফোন করে ২৫ হাজার টাকা দাবি করে। টাকা না দিলে মেরে ফেলার ভয় দেখায়।’