কলমাকান্দায় দিনমজুর খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় মো. আবদুল মোমেন নামের এক দিনমজুর খুন হয়েছেন। গতকাল সোমবার তাঁর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। টাঙ্গাইলের সখীপুরে গতকাল এক ব্যবসায়ী ও কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ব্যক্তিরা হলেন কলমাকান্দা উপজেলার লেংগুড়া ইউনিয়নের উত্তর ঘোড়াগাঁও গ্রামের আবদুল মোমেন (৫৬) এবং সখীপুর উপজেলার ইছাদীঘি গ্রামের গফুর মণ্ডল (৪৫) ও কালিয়ান গ্রামের শাকিল আহমেদ (২০)।
কলমাকান্দা থানার পুলিশ ও এলাকার কয়েকজন বাসিন্দা জানান, প্রায় ছয় বছর ধরে মোমেনের স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে ঢাকায় পোশাক কারখানায় কাজ করেন। তিনি নিজ বাড়িতে একা বাস করতেন। তিনি দিনমজুরি করতেন। গ্রামের লোকজন গতকাল সকালে বাড়ির পাশের চেংনি গ্রামে গির্জার কাছে তাঁর গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ সূত্রে জানা যায়, সখীপুর উপজেলার ইছাদীঘি গ্রামের বারেক মণ্ডলের ছেলে গফুর মণ্ডলের সখীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের জেলখানা মোড়ে বাসা আছে। তিনি প্রায় ২০ বছর ধরে বাসার সামনেই পোলট্রি খাদ্যের ব্যবসা করে আসছিলেন। স্ত্রী শামসুন্নাহার লিপি জানান, গতকাল ভোরে হাঁটার উদ্দেশ্যে গফুর মণ্ডল বাসা থেকে বেরিয়ে যান। সকাল সাতটার দিকে দোকানঘরের আড়ায় রশিতে তাঁর ঝুলন্ত লাশ পাওয়া যায়। একই দিন সকালে উপজেলার কালিয়ান গ্রামে শাহজাহান মিয়ার ছেলে কলেজছাত্র শাকিল আহমেদের লাশ তাঁদের বসতঘরের শয়নকক্ষ থেকে পুলিশ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে।