কলমাকান্দায় ব্যবসায়ীকে পিটিয়ে জখম, গ্রেপ্তার ১
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বিশরপাশা পুলিশ ফাঁড়ির সামনে গত মঙ্গলবার রাতে এক ব্যবসায়ীকে পিটিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে। এর প্রতিবাদে এলাকাবাসী ও ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে পুলিশ ফাঁড়ি ঘেরাও করেন। গতকাল বুধবার পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
আহত ব্যবসায়ীর নাম নিখিল সেন (৪৮)। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম সামছুল হক (৪৫)। তাঁদের বাড়ি বিশরপাশা এলাকায়।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্র জানায়, বিশরপাশা বাজারের চাল ব্যবসায়ী নিখিল সেনের সঙ্গে বেশ কিছুদিন ধরে একই বাজারের ইলেকট্রনিক সামগ্রীর ব্যবসায়ী সামছুল হকের জমি নিয়ে বিরোধ ছিল। মঙ্গলবার রাত নয়টার দিকে পুলিশ ফাঁড়ির সামনে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর একপর্যায়ে সামছুল হক ও তাঁর লোকজন নিখিল সেনের ওপর হামলা চালিয়ে রড দিয়ে বেধড়ক মারধর ও মাথায় আঘাত করেন। স্থানীয় ব্যক্তিরা আহত অবস্থায় নিখিলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ খবর শুনে রাতেই এলাকাবাসী ও বাজারের ব্যবসায়ীরা পুলিশ ফাঁড়ি ঘেরাও করেন। পুলিশ ও স্থানীয় নেতারা বুঝিয়ে তাঁদের শান্ত করেন। মারধরের ঘটনায় গতকাল সকালে নিখিলের ছোট ভাই লিটন সেন বাদী হয়ে সামছুল হককে প্রধান আসামি করে থানায় মামলা করেন। পুলিশ এ মামলায় সামছুল হককে গ্রেপ্তার দেখিয়ে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
কলমাকান্দা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মওলা বলেন, ‘পুলিশ ফাঁড়ির সামনে নিখিলের ওপর হামলা করায় উত্তেজিত জনতা ফাঁড়ি ঘেরাও করেন। পরে আমিসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা ও পুলিশ তাঁদের শান্ত করি।’
বিশরপাশা পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও উপপরিদর্শক (এসআই) জসিম উদ্দিন বলেন, দুই পক্ষের মধ্যে জমি নিয়ে বিরোধের জের ধরে ফাঁড়ি থেকে বেশ কিছু দূরে মারামারি হয়েছে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।