কলমাকান্দায় হামলায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আহত
নেত্রকোনার কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহ আলম তালুকদারের ওপর স্বাস্থ্যকর্মী আশরাফুল আলম হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। এতে স্বাস্থ্য কর্মকর্তা আহত হয়েছেন।
এ ঘটনার প্রতিবাদে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ ছাড়া অন্য বিভাগের চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা বৃহস্পতিবার কর্মবিরতি পালন করেছেন। ওই দিনই সিভিল সার্জন বিজন কান্তি সরকার ও সহকারী পুলিশ সুপার মামুন খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্বাস্থ্য কমপ্লেক্স ও থানা সূত্রে জানা গেছে, কলমাকান্দার কালিহালা কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মী আশরাফুল আলম প্রায়ই বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকেন। গত ১২ মার্চ ঢাকা থেকে স্বাস্থ্য অধিদপ্তরের একটি প্রতিনিধি দল এসে তাঁকে (আশরাফুল) কর্মস্থলে পাননি। ঊর্ধ্বতন কর্মকর্তাদের কথামতো উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আশরাফুলকে কারণ দর্শানোর নোটিশ করেন। আশরাফুলের জবাবে সন্তুষ্ট না হয়ে কর্তৃপক্ষ তাঁর সাত দিনের বেতন কর্তনের নির্দেশ দেয়। এতে আশরাফুল ক্ষিপ্ত হয়ে ওই দিন সকাল সোয়া ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সরকারি বাসভবনে গিয়ে তাঁকে বেধড়ক মারধর করেন। স্থানীয় লোকজন ও স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও কর্মচারীরা আশরাফুলের হাত থেকে স্বাস্থ্য কর্মকর্তাকে রক্ষা করেন। ঘটনার পর আশরাফুল পালিয়ে যান। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা গতকালও স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন। শাহ আলম মুঠোফোনে বলেন, ‘আশরাফুল রাজনৈতিক প্রভাব খাটিয়ে অনুমতি না নিয়ে প্রায়ই কর্মস্থলে অনুপস্থিত থাকেন। ব্যবস্থা নেওয়ায় ক্ষিপ্ত হয়ে আজ আমার বাসায় এসে হামলা চালান এবং বালিশ চেপে আমাকে মেরে ফেলার চেষ্টা করেন।’
কলমাকান্দা থানার ওসি বশির আহমেদ বলেন, এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শাহ আলম স্বাস্থ্যকর্মী আশরাফুলের বিরুদ্ধে বৃহস্পতিবার রাতে মামলা করেছেন।
সিভিল সার্জন বিজন কান্তি সরকার বলেন, অভিযুক্ত আশরাফুল আলমের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে কথা বলার জন্য একাধিকবার চেষ্টা করেও আশরাফুলের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।