কলা অনুষদের অফিস কক্ষে তালা ছাত্রলীগের, কর্মকর্তাকে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্নাতক প্রথম বর্ষের ভর্তিতে অনিয়মের অভিযোগ এনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদের অফিসকক্ষে গতকাল সোমবার দুপুরে তালা ঝুলিয়ে দিয়েছে ছাত্রলীগ। এ সময় নেতা-কর্মীদের মারধরের শিকার হন কলা অনুষদের ডিন অফিসের ডেপুটি রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেন। অভিযোগ উঠেছে, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদকের অনুসারী নেতা-কর্মীরা এ ঘটনার সঙ্গে জড়িত।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত ২৪ নভেম্বর সংগীত বিভাগের উপজাতি কোটার মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। গতকাল দুপুরে ওই পরীক্ষার ফলাফল প্রকাশ করার কথা ছিল। মৌখিক পরীক্ষার দিন জনি মং মারমা নামের ভর্তি-ইচ্ছুক এক শিক্ষার্থীকে তুলে নিয়ে যান ছাত্রলীগের এক পক্ষের নেতা-কর্মীরা। ছয় ঘণ্টা পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। গতকাল সেই শিক্ষার্থী ভর্তি হতে ক্যাম্পাসে এসেছেন, এ খবর পেয়ে ছাত্রলীগের ৫০-৬০ জন নেতা-কর্মী ড. আবদুল করিম ভবনের নিচতলায় কলা ও মানববিদ্যা অনুষদের অফিসকক্ষে হাজির হন। নেতা-কর্মীদের হই-হুল্লোড়ের কারণে অনুষদের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। এ সময় অফিসকক্ষে থাকা দেলোয়ার হোসেনকে মারধর করা হয়। পরে অফিসকক্ষ থেকে সবাইকে বের করে দিয়ে দরজায় তালা ঝুলিয়ে দেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি প্রথম আলোকে বলেন, কলা অনুষদে মেধাতালিকায় সামনের সারিতে থাকা শিক্ষার্থীদের বাদ দিয়ে পেছনের শিক্ষার্থীদের ভর্তি করা হচ্ছে—এ অভিযোগ পেয়ে শিক্ষার্থীরা অনুষদের অফিসকক্ষ অবরোধ করেন। পরে কর্তৃপক্ষ মেধাক্রম অনুযায়ী ভর্তির আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন। তাঁর দাবি, কোনো কর্মকর্তাকে মারধর করা হয়নি।
প্রথম বর্ষে শিক্ষার্থী ভর্তিতে কোনো অনিয়ম হয়নি বলে জানান কলা ও মানববিদ্যা অনুষদের ডিন মো. সেকান্দার চৌধুরী। তিনি বলেন, কর্মকর্তাকে মারধরের ঘটনার কারণ বের করার জন্য উপাচার্য তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। আর সংগীত বিভাগের কোটার ফলাফল আপাতত স্থগিত করা হয়েছে।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী বলেন, ‘কেন এ ঘটনা ঘটেছে এবং কারা ঘটিয়েছে, আমি এর কিছুই জানি না। তালা দেওয়া হয়েছে, এমন খবর পেয়ে আমি ঘটনাস্থলে ছুটে যাই। তারা (তালা দেওয়া ব্যক্তিরা) আমাকে বলেছে, ভর্তিতে অনিয়ম হচ্ছে। এর প্রতিবাদে তারা তালা দিয়েছে। আমি অনিয়মের সপক্ষে যথাযথ কাগজ উপাচার্যকে সরবরাহ করার জন্য বলেছি। এরপর তারা তালা খুলে দেয়।’
এদিকে কর্মকর্তাকে মারধরের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের অফিসার সমিতি অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছে। আজ মঙ্গলবার থেকে এ কর্মসূচি পালন করবে সমিতি। সমিতির সাধারণ সম্পাদক রশিদুল হায়দার প্রথম আলোকে বলেন, কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার প্রতিবাদে এবং দোষী ব্যক্তিদের শাস্তির দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।