কলা ভবনের সামনে থেকে ছুরিকাহত একজনকে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে থেকে আলমগীর হোসেন ভূঁইয়া নামের একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি বাংলাদেশ ডেভেলপমেন্ট গ্রুপে (বিডিজি) চাকরি করেন। তাঁর বাসা যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

আলমগীর হোসেনের ভাতিজা মো. সোহাগ ভূঁইয়ার ভাষ্য, গতকাল সন্ধ্যা সাতটার দিকে আলমগীর শেভ করতে বাসার নিচে নামেন। এর পর থেকে তাঁর মোবাইল বন্ধ পাওয়া যাচ্ছিল। তিনি আর বাসায় ফেরেননি। আজ ভোর ছয়টার দিকে তাঁর মোবাইল ফোন থেকে ফোন আসে। কিন্তু কোনো কথা বোঝা যাচ্ছিল না। সাতটার দিকে আলমগীরের মোবাইল ফোনে ফোন করে তিনি জানতে পারেন, তাঁর চাচা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে আছেন। সেখান থেকে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হয়।

সোহাগের দেওয়া তথ্যমতে, তাঁর চাচার গলা, পেট ও পায়ে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তিনি কথা বলতে পারছেন না। তাই এ বিষয়ে কিছুই জানা যায়নি। তিনি বলেন, ‘আমাদের ধারণা, দুর্বৃত্তরা তাঁকে গলা কেটে হত্যা করতে চেয়েছিল। তাঁর মৃত্যু হয়েছে ভেবে নির্জন স্থান দেখে কলা ভবনের সামনে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।’