কলাপাড়ায় দুটি বাড়িতে হামলা, ভাঙচুর
পটুয়াখালীর কলাপাড়ার মদিনাবাগ এলাকায় পৌর যুবলীগের ১ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক ও এক ব্যবসায়ীর বাসভবনে হামলার ঘটনা ঘটেছে। গত শুক্রবার সন্ধ্যায় ওই হামলা চালানো হয়।
কলাপাড়া পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক খায়রুল হাসনাত খালিদ ও তাঁর সমর্থকেরা এ হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
সাংগঠনিক সম্পাদক শওকত হোসেন ও ব্যবসায়ী গোলাম সরোয়ার অভিযোগ করেন, মদিনাবাগ এলাকার বিধান বিশ্বাসের বাড়ির সামনের পুকুরের মধ্যে একটি পরিত্যক্ত ঘরে দীর্ঘদিন ধরে কিছু যুবক মাদক সেবন করে আসছে। কে বা কারা থানা-পুলিশকে এ বিষয়ে জানালে পুলিশ শুক্রবার বিকেলে ওই সব মাদকসেবীকে ধাওয়া করে। এর জের ধরে খালিদ, নাহিদ ও ইলিয়াসের নেতৃত্বে ১০-১২ জন ছাত্রলীগ কর্মী অতর্কিতে লাঠিসোঁটা, রামদা নিয়ে তাঁদের (শওকত ও সরোয়ার) ঘরে হামলা চালায় ও ব্যাপক ভাঙচুর করে।
শুক্রবার রাতে সরেজমিনে দেখা গেছে, শওকত হোসেনের বাড়ির ফ্যান, শোকেজ, টেবিল-চেয়ারসহ সব আসবাব ভাঙা অবস্থায় পড়ে আছে। এ ছাড়া গোলাম সরোয়ারের ঘরের টিনের বেড়া চারদিক থেকে রামদা দিয়ে কুপিয়ে নষ্ট করে দেওয়া হয়েছে।
এ বিষয়ে খায়রুল হাসনাত খালিদের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি। তবে পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস হোসেন বলেন, ‘এই হামলা কারা করেছে তা আমরা বলতে পারি না। তবে আমরা কেউ এ ঘটনার সঙ্গে জড়িত নই।’
কলাপাড়া থানার পুলিশ পরিদর্শক মো. মনিরুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কিছু জানেন না বলে জানান।