কলাপাড়ায় শিশুকে হত্যা
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর ইউনিয়নের নিজামপুর গ্রামে সুমি আক্তার (৬) নামের এক শিশুকে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার গ্রামের একটি ধানখেত থেকে সুমির ছয় টুকরো লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
এ ঘটনায় গতকাল বুধবার শিশুটির বাবা আবদুল হামেদ মৃধা তিনজনের নাম উল্লেখ করে কলাপাড়া থানায় হত্যা মামলা করেছেন।
আবদুল হামেদ মৃধা প্রথম আলোকে জানান, মঙ্গলবার সন্ধ্যার পর সুমিকে ঘরে না পেয়ে তাঁরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে কোনো জায়গায় না পেয়ে মসজিদের মাইক দিয়ে সুমির হারানোর খবর প্রচার করেন। গ্রামের লোকজন খুঁজতে খুঁজতে ধানখেতের মধ্যে সুমির লাশ দেখতে পান। তাঁদের চিৎকার শুনে সেখানে গিয়ে সুমির লাশ শনাক্ত করেন তাঁরা।
হামেদ মৃধা জানান, একই গ্রামের খলিল পাহলান ও তাঁর ছোট ভাইয়ের স্ত্রী কিছুদিন আগে পালিয়ে বিয়ে করেন। ওই ঘটনায় খলিল পাহলানের বিরুদ্ধে তিনি মামলা করেন। এর জের ধরে তাঁর মেয়েকে হত্যা করা হতে পারে বলে তিনি অভিযোগ করেন।
এ ব্যাপারে খলিল পাহলানের মুঠোফোনে বারবার কল দেওয়া হলেও সেটি বন্ধ পাওয়া যায়।