কলাপাড়ায় স্বাস্থ্য সহকারীর ওপর হামলা
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়নের আমতলীপাড়া কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহকারী জুলিয়া নাসরিনের (৩৭) ওপর হামলার ঘটনা ঘটেছে। কর্মস্থলে যাওয়ার পথে মো. পারভেজ (৩২) নামের এক বখাটে গত সোমবার সকালে এ হামলা চালান।
এ ঘটনায় ওই দিন রাতেই তিনি পারভেজের বিরুদ্ধে কলাপাড়া থানায় লিখিত অভিযোগ দেন। পারভেজ উপজেলার লালুয়া ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামের বাসিন্দা।
অভিযোগে বলা হয়েছে, কলাপাড়া শহরের বাসা থেকে প্রতিদিন ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে তিনি কমিউনিটি ক্লিনিকে যাতায়াত করেন। পথে পারভেজ নামের এক বখাটে নানাভাবে তাঁকে উত্ত্যক্ত করেন। বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাদের জানান। গতকাল বাসা থেকে কর্মস্থলে যাওয়ার সময় পারভেজ তাঁকে বহনকারী মোটরসাইকেলের গতিরোধ করে অশালীন কথাবার্তা বলতে থাকেন। একপর্যায়ে মোটরসাইকেল থেকে নামিয়ে তাঁর গলা চেপে ধরে একটি লাঠি দিয়ে মারধর করেন। এতে তাঁর বাঁ হাত জখম হয়। এ সময় চিৎকারে আশপাশের লোকজন এলে পারভেজ তাঁকে দেখে নেওয়ার হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে চলে যান।