কলাপাড়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ১২
পটুয়াখালীর কলাপাড়ায় জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। উপজেলার লালুয়া ইউনিয়নের দশকানি গ্রামে গত মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত আরিফুল ইসলাম (১৮), শহিদুল ইসলাম (২৭), জিতেন সরদার (৫৫) ও ইলিয়াস হোসেনকে (২৫) বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেলোয়ার হোসেন (৫২) নামের আহত অপর ব্যক্তিকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় কয়েকজন জানান, দশকানি এলাকার সোবাহান আকন ও নুরু মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। মঙ্গলবার বিকেলে ওই জমিতে সোবাহান আকনের লোকজন গাছ লাগাতে গেলে নুরু মিয়ার লোকজন বাধা দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে।
খবর পেয়ে কলাপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় পুলিশ নুরু মিয়ার বাড়ি থেকে দেশীয় বিভিন্ন অস্ত্র উদ্ধার করে।