কলাপাড়ায় একটি ভোটকেন্দ্রে সশস্ত্র হামলা
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়নের চুঙ্গাপাশা এবতেদায়ী মাদ্রাসা ভোটকেন্দ্রে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। তারা বোমার বিস্ফোরণও ঘটায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি ছোড়ে পুলিশ। এ ঘটনায় দুজন গুলিবিদ্ধ হয়েছে। কেন্দ্রটিতে ভোট নেওয়া বন্ধ রাখা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, আজ মঙ্গলবার ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন চলাকালে সকাল সাড়ে নয়টার দিকে ওই হামলার ঘটনা ঘটে। হামলায় কয়েক শ লোক অংশ নেয়। তাদের হাতে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র ছিল। তারা ভোটকেন্দ্রের ব্যালট বাক্স, টেবিল-চেয়ার ভাঙচুর করে। একপর্যায়ে তারা ভোটকেন্দ্রে বোমার বিস্ফোরণ ঘটায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েকটি গুলি ছোড়ে।
এ ঘটনায় দুজন গুলিবিদ্ধ হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তাদের নাম-পরিচয় প্রাথমিকভাবে জানা যায়নি।
কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. মনিরুজ্জামান খান বলেন, উদ্ভূত পরিস্থিতিতে কেন্দ্রটিতে ভোট নেওয়া আপাতত বন্ধ রাখা হয়েছে।
স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তর ইউপি নির্বাচনের প্রথম ধাপে আজ ভোট নেওয়া হচ্ছে। দেশের ৭১৭টি ইউপিতে আজ নির্বাচন হচ্ছে। সকাল আটটা থেকে ভোট নেওয়া শুরু হয়। বিকেল চারটা পর্যন্ত টানা এই ভোট নেওয়া চলবে।