কলাপাড়ায় কাঁকড়ানিধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় লোহার শিক দিয়ে গর্ত থেকে কাঁকড়া ধরছেন কয়েকজন শিকারি। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় লোহার শিক দিয়ে গর্ত থেকে কাঁকড়া ধরছেন কয়েকজন শিকারি। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো

দিলীপ চন্দ্র গাইন (৩৫) একসময় সাগরে মাছ ধরে সংসার চালাতেন। কিন্তু কয়েক বছর ধরে সাগরে তেমন মাছ ধরা পড়ছিল না। অভাব-অনটনে কাটছিল দিলীপের দিন। একসময় মহাজনের দাদন ও স্থানীয় লোকদের কাছ থেকে ধারদেনা করতে করতে ঋণে জর্জরিত হয়ে পড়েন দিলীপ।
একপর্যায়ে পেশা বদল করে কাঁকড়া ধরতে সাগর ও নদীর মোহনায় নেমে পড়েন দিলীপ। এখন প্রতিদিন গড়ে ৮০০ থেকে ১০০০ হাজার টাকা আয় করছেন তিনি।
দিলীপের বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামে। শুধু দিলীপই নন, ওই গ্রামের গৌতম হাওলাদার (৪২), গণেশ ব্যাপারী, সুশীল হাওলাদর, সেরাজ ফকির, সামসুল হক, প্রদীপ হাওলাদার, প্রশান্ত মিস্ত্রি, লিটন হাওলাদার, নেপাল মিস্ত্রিসহ আরও অনেকে এখন মাছ ধরার পেশা পরিবর্তন করে কাঁকড়া ধরে জীবন চালাচ্ছেন।
দিলীপ বলেন, ‘বছর দুই আগে ট্রলারমালিক দাদন দিতেন। সেই টাকায় বাড়িতে বাজার রেখে সাগরে মাছ ধরতে যেতাম। মাছ ধরার পর বিক্রির টাকা ভাগাভাগি হতো।
কিন্তু সাগরে তেমন একটা মাছ ধরা না পড়ায় প্রায় খালি হাতেই বাড়ি যেতে হতো। মহাজনের দাদন পরিশোধ তো দূরের কথা আরও দেনা বেড়ে যেত। তাই কাঁকড়া ধরার কাজে নেমে পড়লাম। এ কাজে কোনো পুঁজি লাগে না। তেমন খরচও হয় না। সাগর উপকূলীয় এলাকায় সারা দিন লোহার শিক দিয়ে লুকানো গর্তে খুঁচিয়ে খুঁচিয়ে কাঁকড়া ধরেন। ইতিমধ্যে দাদনের টাকা শোধও করেছেন। স্থানীয় লোকজনের দেনাও পরিশোধ করেছেন। কাঁকড়া ধরে পাঁচজনের পরিবার নিয়ে এখন তিনি সুখেই দিন কাটাচ্ছেন।
গৌতম হাওলাদার জানান, তাঁর দুই ছেলে ও এক মেয়ের মধ্যে বড় ছেলে স্বজল (১০) এখন তার সঙ্গে কাঁকড়া শিকারে নেমেছে। মেয়ে স্বজনী রানি এবার দশম শ্রেণিতে পড়ছে ও ছোট ছেলে শাওন পঞ্চম শ্রেণিতে পড়ছে। এর আগে অভাবের জন্য সন্তানদের লেখাপড়া বন্ধ হয়ে গিয়েছিল। কাঁকড়াই এখন তাঁদের জীবন পাল্টে দিয়েছে।
সামসুল হক বলেন, এই এলাকায় উন্নত মানের কাঁকড়া থাকা সত্ত্বেও প্রক্রিয়াজাতকরণের অভাবে সেগুলো তাঁরা সঠিক দামে বিক্রি করতে পারছেন না। স্থানীয় আড়তদারের কাছে নামমাত্র মূল্যে তাঁদের কাঁকড়া বিক্রি করতে হচ্ছে। আড়তদারেরা তাঁদের কাছ থেকে কাঁকড়া কিনে ঢাকায় নিয়ে চড়া দামে বিক্রি করছেন।
এ ব্যাপারে কলাপাড়ার কাঁকড়ার আড়তদার হরিদাস এখানকার শিকারিদের ধরা কাঁকড়ার ন্যায্য দাম না পাওয়ার বিভিন্ন কারণ উল্লেখ করে বলেন, এ অঞ্চলের কাঁকড়া প্রক্রিয়াজাতকরণের কোনো ব্যবস্থা না থাকায় ও অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে ঢাকা নিতে নিতে পথে অনেক কাঁকড়া মরে যায়।
তবে শীত মৌসুমে কাঁকড়ার দাম ভালো পাওয়া যায়। কাঁকড়া বিশেষ প্রক্রিয়ায় বাঁশের ঝুড়িতে করে লঞ্চযোগে তাঁরা ঢাকায় চালান করেন। ফলে কাঁকড়া মরে যাচ্ছে এবং দুর্বল হয়ে অনেক কাঁকড়া রপ্তানির উপযোগী থাকে না। এ কারণে স্থানীয় শিকারিদের কাছ থেকে বেশি দামে কাঁকড়া কেনা সম্ভব হয় না। তবে এই উপকূলে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কাঁকড়া আহরণ ও প্রক্রিয়াজাতকরণের ব্যবস্থা করা হলে কাঁকড়া রপ্তানি করেই বছরে কয়েক কোটি টাকা বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। এতে এখানকার শিকারিরাও লাভবান হবেন।