কলাপাড়ায় গলা কেটে গৃহবধূকে হত্যা
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় হনুফা বেগম নামের (৩৭) এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার দিবাগত রাতে বালিয়াতলী ইউনিয়নের চর বালিয়াতলী গ্রামে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে আজ সোমবার সকালে কলাপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। দুপুর ১২টার দিকে লাশটি ময়নাতদন্তের জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
হনুফা বেগমের স্বামী মো. আলম মোল্লা জানান, রোববার রাতে তিনি বাড়িতে ছিলেন না। তিনি মাছ ধরার জন্য ট্রলারে করে সাগরে গিয়েছিলেন। বাড়িতে ছিলেন তাঁর প্রথম স্ত্রীর সন্তান মো. সোহাগ মোল্লা, সোহাগের স্ত্রী সুখী বেগম এবং দ্বিতীয় স্ত্রী হনুফার সন্তান মিতু। বাড়িতে এসে তিনি শোনেন হনুফাকে রাতে কে বা কারা হত্যা করেছে।
সোহাগ মোল্লার স্ত্রী সুখী বেগম বলেন, ‘রাইতে হনুফার মোবাইলে একটা কল আসে। তখন রাইত একটার মতো বাজে। ফোন কলডা পাইয়া হনুফা ঘরের বাইরে যায়। এইয়ার ভিতরে আমরা ঘুমাইয়া পড়ছি। হ্যারপর কী অইছে, আর কইতে পারমু না। সকালে ঘুমে গোনে ওডার পর দেহি ঘরের অল্প দূরে হনুফার গলাকাটা লাশ পইড়া রইছে। এ রহম দেহার পর ডাক-চিৎকার দেলে আশেপাশের মানুষ দৌড়াইয়া আয়।’
বালিয়াতলী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. মোহসীন হাওলাদার বলেন, ‘আমি সকালের দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সে সময় পুলিশও আসে। পুলিশ তাঁদের বসত ঘরের কাছাকাছি জঙ্গলের পাশ থেকে হনুফার লাশ উদ্ধার করে।’
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি এম শাহনেওয়াজ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘লাশের ধরন দেখে মনে হচ্ছে, প্রথমে লাঠি দিয়ে মাথায় আঘাত করা হয়েছে। এরপর পড়ে গেলে দা দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহার করা দা ওই গৃহবধূর ঘর থেকে নেওয়া হয়েছে। এ ছাড়া শরীরেও কিছু আঘাতের চিহ্ন পাওয়া গেছে।’
ওসি আরও বলেন, ‘এর সঙ্গে কারা জড়িত, আমরা ইতিমধ্যে তা চিহ্নিত করতে পেরেছি। মামলার স্বার্থে এখন তা বলা যাচ্ছে না। তবে অতি দ্রুত অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসতে পারব বলে আশা করছি।’