কলাপাড়ায় ভিজিডির চাল ওজনে কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চম্পাপুর ইউনিয়নে দুস্থ অসহায় দরিদ্র পরিবারের খাদ্য সহায়তার ভিজিডির চাল ওজনে কম ও নিম্নমানের দেওয়া হচ্ছে। কলাপাড়া খাদ্যগুদাম থেকে ৩০ কেজি করে করা বস্তায় চাল ওজনে কম ও ভাঙা দানা এবং বিবর্ণ দানার চাল রয়েছে বলে অভিযোগ উঠেছে।
ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয় সূত্র জানায়, ইউনিয়নের ২৮০ জন কার্ডধারী নারী প্রতি মাসে ভিজিডির ৩০ কেজি করে চাল পান। ইউপি থেকে ১৯ জানুয়ারি কলাপাড়া খাদ্যগুদাম থেকে ভিজিডির ৮ টন ৪০০ কেজি চাল উত্তোলন করা হয়। পরদিন এই চাল ইউনিয়নের দুস্থ অসহায় দরিদ্র কার্ডধারী পরিবারের মধ্যে ৩০ কেজি করে বিতরণ করা হয়। তবে দরিদ্র পরিবারগুলো চাল ওজনে কম দেওয়া হয়েছে বলে অভিযোগ তোলে।
ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দেবপুর গ্রামের আয়েশা বেগম বলেন, ‘আমরা কোনো সময়েই ৩০ কেজি চাল পাই নাই। এইবারও বস্তায় চাল দিছে, তবে ওজনে কম, ২৫ কেজি হইছে।’
ইউনয়নের ২ নম্বর ওয়ার্ডের মাছুয়াখালী গ্রামের মালেকা বেগম ও কুলসুম বেগম বলেন, এবার চাল শুধু ওজনে কম নয়, নিম্নমানের চাল দেওয়া হয়েছে তাঁদের। এ ছাড়া গুদাম থেকে চাল ইউনিয়নে আনতে পরিবহন খরচও অনেকের কাছ থেকে নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তাঁরা।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মিন্টু তালুকদার বলেন, ‘আসলে আমাদের ৩০ কেজির বস্তায় করে চাল খাদ্যগুদাম থেকে সরবরাহ করা হয়। তবে চার-পাঁচ কেজি করে বস্তায় চাল কম বলে অভিযোগ সঠিক নয়। আমরা ডিজিটার মিটার এনে বস্তা মেপে দেখেছি, কোনো কোনো বস্তায় ২৮ কেজি, আবার ২৯ কেজি, আবার কোনো কোনো বস্তায় ২৯ কেজি ৫০০ গ্রাম ওজনও পাওয়া গেছে।’ তবে ওজন কমের বিষয়টি খাদ্যগুদাম থেকে পরিবহনের ঘাটতি হতে পারে বলে মন্তব্য করেছেন।
নিম্নমানের চাল সম্পর্কে তিনি বলেন, ‘আমাদের খাদ্যগুদাম থেকে ৩০ কেজি করে ওজনের ২৮০ বস্তা চাল সরবরাহ করেছে। আমরাও প্রতিটি পরিবারকে সরবরাহ করা ৩০ কেজির এক বস্তা করে চাল দিয়ে দিয়েছি। চাল নিম্নমানের কি না, এটা আমি বলতে পারছি না।’ এ ছাড়া চাল পরিবহনে টাকা নেওয়ার বিষয়টি তিনি অস্বীকার করেছেন।
খাদ্যগুদামের চালের বস্তায় ওজনে কম—এ বিষয়ে জানতে চাইলে কলাপাড়া খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল জলিল শিকদার বলেন, ‘যখন ৫০ কেজি চালের বস্তা ভেঙে ৩০ কেজির বস্তা করা হয়েছে, হয়তো তখন এমনটি হয়েছে। তবে ওজনে কম হওয়ার কথা নয়। এখন থেকে এ ব্যাপারে আমরা সতর্ক থাকব।’ আর নিম্নমানের চাল সম্পর্কে তিনি বলেন, ‘এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এই গুদামে নিম্নমানের কোনো চাল নেই।
এ ব্যাপারে পটুয়াখালী জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মকলেচ আল আমিন প্রথম আলোকে বলেন, খাদ্যগুদাম থেকে চাল ওজনে কম দেওয়ার প্রশ্নই ওঠে না। ইউপি চেয়ারম্যানরা তাঁদের চাল ওজনে বুঝে নেবেন, এটাই নিয়ম। তবে কলাপাড়ার খাদ্যগুদামের চাল নিম্নমানের বলে যে অভিযোগ উঠেছে, তা যাচাই করতে কলাপাড়া খাদ্যগুদাম পরিদর্শন করা হবে।