কলাপাড়ায় সরকারি জমি দখল করে দোকান নির্মাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ছোট বালিয়াতলী স্টেশন বাজার এলাকায় সরকারি জমি দখল করে টিনের দোকানঘর নির্মাণ করা হচ্ছে। ২৭ জুলাই তোলা ছবি l প্রথম আলো
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ছোট বালিয়াতলী স্টেশন বাজার এলাকায় সরকারি জমি দখল করে টিনের দোকানঘর নির্মাণ করা হচ্ছে। ২৭ জুলাই তোলা ছবি l প্রথম আলো

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ছোট বালিয়াতলী স্টেশন বাজার এলাকায় সরকারি জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। সেখানে প্রভাবশালী ব্যক্তিরা টিনের দোকানঘর নির্মাণ করছেন।
কলাপাড়া ভূমি কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯৬৬ সালে উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের আবদুল হক নামের এক ব্যক্তি কমিউনিটি সেন্টার নির্মাণের জন্য জেলা প্রশাসনকে এক একর জমি দান করেন। পরে সরকারি উদ্যোগে সেখানে কমিউনিটি সেন্টার নির্মাণ করা হয়। কিন্তু দেশ স্বাধীন হওয়ার পর সেন্টারটি মিঠাগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) কার্যালয় হিসেবে ব্যবহার করা হয়। পাঁচ বছর আগে তুলাতলীতে নির্মিত ভবনে ইউপি কার্যালয় স্থানান্তর করা হয়। পরবর্তী সময়ে মিঠাগঞ্জ ইউপি ভাগ করে বালিয়াতলী নামে নতুন ইউপি গঠন করা হয়। ওই এক একর জমি বালিয়াতলী ইউপিতে পড়েছে।
গত বুধবার সরেজমিনে দেখা গেছে, ওই জমির কোনো সীমানাপ্রাচীর নেই। সামনে বালিয়াতলী-বানাতিবাজার সড়ক। কমিউনিটি সেন্টারটি পরিত্যক্ত। একতলা ভবনের দেয়ালের পলেস্তারা খসে পড়েছে। ভবনের বিভিন্ন অংশে ফাটল। দরজা-জানালা ভাঙা। ভবনটির এক পাশে বালিয়াতলী গ্রামের সলেমান মৃধা নামের এক ব্যক্তি টিনের ওই ঘর নির্মাণ করছেন।

জমি দখলের অভিযোগ অস্বীকার করে সলেমান মৃধা প্রথম আলোকে বলেন, ‘কাছেই বাজার। ব্যবসা করার জন্য কয়েকজন মিলেমিশে দোকানঘর তুলছি। সরকারি নির্দেশ পেলে ঘর সরিয়ে নেব।’

কলাপাড়া ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১৪ সালে ওই জমিতে অবৈধ স্থাপনা নির্মাণের চেষ্টা করা হয়। তখন নোটিশ দিয়ে নির্মাণকাজ বন্ধ করা হয়েছিল। তদারকি না থাকায় সুযোগসন্ধানীরা আবার সরকারি জমি দখল করছে।

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) দীপক কুমার রায় বলেন, ‘অবৈধ ওই ঘর উচ্ছেদসহ সরকারি জমি দখলমুক্ত করতে সংশ্লিষ্ট ইউনিয়নের ভূমি সহকারীকে নির্দেশ দেওয়া হয়েছে।’