কলাবাগানে জোড়া খুনে গ্রেপ্তার ১
রাজধানীর কলাবাগানে জোড়া খুনের ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে পুলিশের দাবি।
আজ রোববার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম এক সংবাদ সম্মেলনে গ্রেপ্তারের বিষয়ে বিভিন্ন তথ্য জানান। ডিএমপির মিডিয়া সেন্টারে এই সংবাদ সম্মেলন হয়।
ডিএমপির ভাষ্যমতে, গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম শরিফুল ইসলাম ওরফে শিহাব (৩৭)। তিনি আনসারুল্লাহ বাংলা টিমের একজন সদস্য। ডিএমপির নবগঠিত কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের একটি দল গতকাল শনিবার কুষ্টিয়া থেকে তাঁকে গ্রেপ্তার করে। আজ সকালে তাঁকে ঢাকায় আনা হয়।
পুলিশের দাবি, শিহাব প্রাথমিক জিজ্ঞাসাবাদে কলাবাগানে জোড়া খুনের ঘটনায় জড়িত ব্যক্তিদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। ওই ঘটনায় জব্দ ব্যাগে পাওয়া দুটি অস্ত্রের মধ্যে একটি নিজের বলে জানিয়েছেন তিনি। আনসারুল্লাহ বাংলা টিম যেসব হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাতে অস্ত্র ও বোমা দিয়ে সহায়তার কথাও জানিয়েছেন তিনি।
গত ২৫ এপ্রিল কলাবাগানের একটি বাসায় ঢুকে জুলহাজ মান্নান ও তাঁর বন্ধু মাহবুব তনয়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
জুলহাজ যুক্তরাষ্ট্রের সাহায্য সংস্থা ইউএসএআইডিতে চাকরি করতেন। তিনি সমকামীদের অধিকারবিষয়ক সাময়িকী ‘রূপবান’ সম্পাদনা ও প্রকাশনার সঙ্গে যুক্ত ছিলেন। মাহবুব ছিলেন নাট্যকর্মী।
জোড়া খুনের ঘটনায় শিহাবের জড়িত থাকার বিষয়ে পুলিশ নিশ্চিত কি না—এমন প্রশ্নে মনিরুল ইসলাম বলেন, পুলিশের কাছে কিছু ‘দালিলিক প্রমাণ’ আছে।
পুলিশের ভাষ্য, জোড়া খুনের পরপরই ঢাকা ছাড়েন শিহাব। তিনি হত্যাকাণ্ডের কোনো না কোনো পর্বে যুক্ত ছিলেন। আরও জিজ্ঞাসাবাদ করলে বিষয়টি পরিষ্কার হবে।
মনিরুল ইসলাম বলেন, জোড়া খুনের ঘটনায় অংশ নেওয়া কমপক্ষে তিনজনকে শনাক্ত করেছে পুলিশ। তাদের শিগগিরই ধরে ফেলার ব্যাপারে তাঁরা আশাবাদী।
মনিরুল ইসলামের ভাষ্য, সমকামীদের অধিকার নিয়ে কাজ করায় জুলহাজ মান্নান ও মাহবুব তনয় আনসারুল্লাহ বাংলা টিমের ‘টার্গেট’ হয়েছিলেন। তাঁদের হত্যা করতে অনেক দিন ধরে প্রস্তুতি চললেও এ বছরের পয়লা বৈশাখের পর খুনিরা আটঘাট বেঁধে নামে। তারা অনেক দিন ধরে এই দুজনের গতিবিধি পর্যবেক্ষণ করেছিল।
পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে শিহাব জানিয়েছেন, ‘নাস্তিক ব্লগার’ হত্যার পাশাপাশি কুষ্টিয়া অঞ্চলে প্রভাব বিস্তারের জন্য স্থানীয় একজন সাবেক চেয়ারম্যানকে তারা খুনের পরিকল্পনা করেছিল।
পুলিশের ভাষ্য, শিহাব ১৯৯৮ সাল থেকে হুজির সদস্য হিসেবে সিলেটে কাজ করছিলেন। হুজি নিষ্ক্রিয় হয়ে পড়লে ২০১৫ সালের মাঝামাঝি তিনি আনসারুল্লাহ বাংলা টিমে যোগ দেন। তিনি কুষ্টিয়ায় জঙ্গি সংগঠনটির একটি ইউনিট পরিচালনার দায়িত্বে ছিলেন।
পুলিশ বলছে, সংঘবদ্ধ চক্র সাম্প্রতিক হত্যাকাণ্ডগুলো ঘটাচ্ছে। তাদের কেউ গতিবিধির ওপর নজর রাখছে। কেউ ঘটনাস্থলের একটু দূর থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। কেউ অস্ত্র দিয়ে সহযোগিতা করছে। আবার কেউ সরাসরি হত্যাকাণ্ডে অংশ নিচ্ছে।
সংবাদ সম্মেলন শেষে প্রথম আলোর প্রশ্নের জবাবে মনিরুল ইসলাম বলেন, অভিজিৎ রায় হত্যাকাণ্ডের ঘটনায় ভালো অগ্রগতি আছে। যেকোনো সময় আসামি গ্রেপ্তার হতে পারে। বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বৌদ্ধ ভিক্ষুকে হত্যার ঘটনায় মৌলবাদী চক্রের সম্পৃক্ততার প্রমাণ এখনো পাওয়া যায়নি বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
কলাবাগানে জোড়া খুনের সময় দুর্বৃত্তরা ওই বাড়ির নিরাপত্তাকর্মীকেও কোপায়। পরে কলাবাগানের ডলফিন গলি দিয়ে পালানোর সময় কলাবাগান থানার পুলিশের এক সদস্য এক দুর্বৃত্তকে জাপটে ধরেন। দুর্বৃত্তরা তাঁকেও কুপিয়ে আহত করে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় এক দুর্বৃত্তের কাছ থেকে একটি ব্যাগ উদ্ধার করে পুলিশ। ওই ব্যাগে আগ্নেয়াস্ত্রসহ নয় ধরনের আলামত পাওয়া যায়।
জুলহাজ মান্নান ও মাহবুব তনয়কে হত্যার দায় স্বীকার করে আল-কায়েদা ভারতীয় উপমহাদেশের (একিউআইএস) কথিত বাংলাদেশ শাখা ‘আনসার আল ইসলাম’।
জুলহাজ ও মাহবুব হত্যার ঘটনায় কলাবাগান থানায় দুটি মামলা হয়েছে। একটি হত্যা মামলা, অন্যটি অস্ত্র আইনে।
নিহত জুলহাজ মান্নানের ভাই মিনহাজ মান্নান হত্যা মামলাটি করেছেন। সরকারি কাজে বাধা ও অস্ত্র আইনে মামলা করেছেন ঘটনার সময় ঘটনাস্থলের কাছে দায়িত্ব পালন করা পুলিশের উপপরিদর্শক শামীম আহমেদ। দুটি মামলাতেই অজ্ঞাতনামা পাঁচ-ছয়জনকে আসামি করা হয়েছে।
মামলা দুটি পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।