কলাবাগানে নির্মাণাধীন ভবন থেকে যুবকের লাশ উদ্ধার
রাজধানীর কলাবাগান থানার ফ্রি স্কুল স্ট্রিটের একটি নির্মাণাধীন ভবন থেকে গতকাল মঙ্গলবার রাতে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। যুবকের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।
কলাবাগান থানার উপপরিদর্শক মো. শওকত মিয়া প্রথম আলোকে বলেন, মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১০টায় ৩৭৭ নম্বর ফ্রি স্ট্রিট পুকুরপাড়ে একটি নির্মাণাধীন ভবনের নিচতলা থেকে ওই মৃতদেহ উদ্ধার করা হয়। পরে লাশটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। তাঁর বয়স আনুমানিক ৩৫ বছর।
মো. শওকত মিয়া আরও বলেন, নিহত যুবকের কপালের ডান পাশে কাটার চিহ্ন, ঠোঁটের নিচে কাটা, নাক থেঁতলানো, ডান হাত ভাঙা, কোমর থেকে ডান পায়ের গোড়ালি পর্যন্ত কাটা ও জখম রয়েছে। তাঁর পরনে ছিল সাদা পাঞ্জাবি, পায়জামা ও মাথায় বেগুনি–লাল-সবুজ নকশা করা টুপি।
এসআই শওকত বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।